সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Logo
×

পিরোজপুরে বিএনপির দুই নেতার বাড়ি ও কার্যালয়ে হামলা, আগুন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুই নেতার বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে একটি বসতবাড়ির থাই গ্লাস, দলীয় কার্যালয়ের আসবাবপত্র ও টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের আনুমানিক ৩০০ থেকে ৪০০ নেতাকর্মী একটি মিছিল নিয়ে উত্তর ঝনঝনিয়া টাওয়ারের মোড়ে যান। এ সময় মিছিলকারীরা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সুমন তালুকদারের (৫৪) বাড়ির গেটের সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তাঁর বসতবাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়।

পরে মিছিলকারীরা টাওয়ারের মোড়সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ উঠেছে।

এ ছাড়া মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মো. মোতালেব হোসেনের (৬৫) দলীয় কার্যালয়েও হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা কার্যালয়ের চেয়ার-টেবিল ভেঙে বাইরে বের করে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে অফিসঘরের টিন কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com