সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Logo
×

খুলনায় এসআরবির সঙ্গে গুলি বিনিময়, পিস্তল-গুলি উদ্ধার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

খুলনার দৌলতপুরে সন্দেহভাজন মাদক কারবারি ও অস্ত্রধারীদের সঙ্গে এসআরবি ফোর্সের সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় তিন রাউন্ড শটগানের গুলি ছোড়েন এসআরবি সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

রোববার (১৫ নভেম্বর) রাত ২টার দিকে নগরীর দৌলতপুর থানার ৫নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা রোডসংলগ্ন কেডিএ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এসআরবি-৬ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় অজ্ঞাতপরিচয় মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীরা এসআরবি সদস্যদের বাধা দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি মোকাবিলায় সদস্যরা তিন রাউন্ড শটগানের গুলি ছোড়েন। একপর্যায়ে সন্দেহভাজন ব্যক্তিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেন অভিযান পরিচালনাকারীরা। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

এসআরবি-৬ এর পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com