সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Logo
×

তিন দিনের সফরে ভারতে ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও কেট

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী প্রিন্সেস ক্যাথরিন (কেট মিডলটন) তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন। সোমবার (১৬ নভেম্বর) দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে পরিবেশবিষয়ক সম্মানজনক ‘আর্থশট প্রাইজ’ অনুষ্ঠানে অংশ নেবেন তারা। সফরের অংশ হিসেবে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রিন্স উইলিয়ামের।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সফরে উইলিয়াম ও ক্যাথরিনের জনপ্রিয় ভারতীয় খেলা ‘গলি ক্রিকেটে’ অংশ নেওয়া, শহরের মেট্রোরেলে ভ্রমণ এবং বলিউডের একটি চলচ্চিত্র স্টুডিও পরিদর্শনের কথা রয়েছে।

সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রিন্স অব ওয়েলস উইলিয়াম বলেন, ‘এ বছরের আর্থশট প্রাইজ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসতে পেরে ক্যাথরিন ও আমি আনন্দিত।’

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে এই পুরস্কার দেওয়া হয়। প্রকৃতি সংরক্ষণ, সমুদ্র সুরক্ষা, বর্জ্য হ্রাস, জলবায়ু মোকাবিলা এবং নির্মল বায়ু; এই পাঁচটি বিভাগে ১৫টি চূড়ান্ত মনোনীত উদ্যোগ থেকে পাঁচজন বিজয়ী নির্বাচন করা হবে।

মঙ্গলবার রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক বিজয়ীকে তাদের উদ্যোগের কার্যক্রম সম্প্রসারণের জন্য ১০ লাখ পাউন্ড (প্রায় ১৩ লাখ মার্কিন ডলার) করে দেওয়া হবে।

চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের উপস্থাপনায় অনুষ্ঠানে অস্কারজয়ী অভিনেতা রামি মালেক, বলিউড তারকা আলিয়া ভাট ও সোনম কাপুর এবং কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রিন্স উইলিয়াম বলেন, পরিবেশগত উদ্ভাবনের ক্ষেত্রে ভারত বিশ্বের অন্যতম আকর্ষণীয় দেশে পরিণত হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলের মানুষ বৈশ্বিক পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবসম্মত সমাধান তৈরি করছেন।

আর্থশট পুরস্কারের নির্মল বায়ু বিভাগে মনোনীত হয়েছে ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা লাস্ট মাইল মোবিলিটি। প্রতিষ্ঠানটি বৈদ্যুতিক তিন চাকার যানবাহনের ব্যবসা সম্প্রসারণ করছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com