প্রথম সমাচার ডেস্ক:
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও দুপক্ষের মধ্যে সংঘাত সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ইসমাইল হোসেনকে। এর আগে একই অভিযোগে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) জেলা শাখার সহসভাপতির পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়।
রোববার (১৫ নভেম্বর) জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সংগঠনের কর্মী ইসমাইল হোসেনের বিরুদ্ধে জামায়াতের দুপক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ ওঠে। তদন্তের পর তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, ইসমাইল তাদের সঙ্গে ছিলেন। তার বিরুদ্ধে দুপক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির গুরুতর অভিযোগ ওঠায় সাংগঠনিকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে জামায়াতের কর্মী হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ইসমাইল হোসেন। এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। পরে তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, কখনো জামায়াতের কর্মী ছিলেন না। তবে সংগঠনটির শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং ইসলামী ছাত্রশিবির করেছেন।
এর আগে, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এনডিএফের জেলা শাখার সহসভাপতির পদ থেকে ইসমাইলকে অব্যাহতি দেওয়া হয়। একইসঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা চায় সংগঠনটির জেলা শাখা। সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
এদিকে, একই দিন চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে দখলসংক্রান্ত বিরোধের আশঙ্কায় ইসমাইলের চেম্বার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এর আগের দিন বুধবার (১১ নভেম্বর) সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান হাসপাতালটির মালিকানা দাবি করে লোকজন নিয়ে সেখানে যান। এর পরদিন হাসপাতাল দখলের আশঙ্কার কথা জানিয়ে ইসমাইলের চেম্বার বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। হাসপাতালের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে শেয়ার বিক্রির অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে।

তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমান মারা গেছেন
রাতভর অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৯ নেতা গ্রেপ্তার
ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু