প্রথম সমাচার ডেস্ক:
ভারত থেকে দেশে ফেরার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে যশোরের কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিককে (৪০) আটক করেছে পুলিশ। তার ছোট ভাই কাজী রওনকুল বাশার শ্রাবণ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে ভোমরা চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে যশোরের কেশবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কাজী আজহারুল ইসলাম মানিকের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার চিংড়া বাজার এলাকায়। তার বাবার নাম কাজী রফিকুল ইসলাম। গত ৮ নভেম্বর চিকিৎসার জন্য তিনি ভারতে যান। সোমবার দেশে ফেরার সময় ভোমরা চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।

তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমান মারা গেছেন
রাতভর অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৯ নেতা গ্রেপ্তার
ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু