প্রথম সমাচার ডেস্ক:
টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণকে কেন্দ্র করে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের এবং তাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন মির্জাপুরের গণমাধ্যমকর্মীরা। এ সময় তারা অবিলম্বে দায়ের করা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক সেবনের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে চার সাংবাদিককে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে হেনস্তা করা হয়েছে। শুধু তাই নয়, পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয়।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরেন। দায়িত্ব পালন করতে গিয়ে যদি তাদের মিথ্যা মামলার শিকার হয়ে কারাগারে যেতে হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। এ ধরনের ঘটনা সাংবাদিক সমাজকে ভীত ও নিরুৎসাহিত করার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।
এ সময় বক্তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার, তাদের নিঃশর্ত মুক্তি এবং সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধন থেকে সাংবাদিকদের ওপর এ ধরনের হয়রানি ও মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা।

অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন, কারখানার কার্যক্রম বন্ধের নির্দেশ
বিএনপির প্রধান সমস্যা তারা আ.লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখে: সামান্তা শারমিন
‘বৌদি-ভাবি কালচার’ খতম, বন্ধুদের বাড়িতে না আনার ফতোয়া বিজেপি নেতার