প্রথম সমাচার ডেস্ক:
সিলেটের ওসমানীনগরে পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে ভাশুরের লাথিতে গুরুতর আহত হন লাকি বেগম (২৮) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত ভাশুর কবির মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে।
নিহত লাকি বেগম ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণ গ্রামের জোনেদ মিয়ার স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে পারিবারিক বিরোধের জেরে জোনেদ মিয়া ও তার বড় ভাই কবির মিয়ার মধ্যে মারামারি শুরু হয়। এ সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে লাকি বেগমও তাদের থামাতে এগিয়ে যান। একপর্যায়ে কবির মিয়া তার ছোট ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী লাকির পেটে সজোরে লাথি মারেন বলে অভিযোগ রয়েছে।
এতে গুরুতর আহত হলে স্বজনেরা লাকি বেগমকে উদ্ধার করে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে ভাশুরের লাথিতে গুরুতর আহত হন ওই অন্তঃসত্ত্বা গৃহবধূ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কবির মিয়াকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউন, ভিসি অবরুদ্ধ
গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি
অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন, কারখানার কার্যক্রম বন্ধের নির্দেশ