সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Logo
×

অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন, কারখানার কার্যক্রম বন্ধের নির্দেশ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন, মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং বিএসটিআইয়ের মোড়ক লাইসেন্স না থাকায় একটি চিপস কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর এলাকায় মেসার্স খান ফুডস প্রোডাক্ট নামের একটি চিপস কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে ক্ষতিকারক রং পাওয়া না গেলেও উৎপাদিত চিপসের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। পাশাপাশি বিএসটিআইয়ের মোড়ক লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানার মালিক মো. ইমন খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় কারখানাটিতে স্বাস্থ্যবিধি মেনে আধুনিক ড্রায়ার মেশিনে চিপস শুকানোর নির্দেশ দেওয়া হয়। আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও উৎপাদন পরিবেশ উন্নত না করা পর্যন্ত কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

অন্যদিকে, অভিযানের পাশাপাশি স্থানীয় বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com