সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Logo
×

চবির হীরকজয়ন্তী: শিক্ষার্থীদের প্রত্যাশা ও প্রাপ্তি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, গবেষণা ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এই বিশ্ববিদ্যালয় আগামী ১৮ নভেম্বর ৬০ বছরে পদার্পণ করতে যাচ্ছে। হীরকজয়ন্তী উদ্‌যাপনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় সেজে উঠেছে নতুন সাজে। প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, চাকসু ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এখন দৃশ্যমান হীরকজয়ন্তীর আমেজ।

তবে ছয় দশকের পথচলায় নানা অর্জনের পাশাপাশি আবাসন সংকট, যাতায়াত সমস্যা, গবেষণার ঘাটতি, প্রশাসনিক সংস্কার এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার মতো বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি বিশ্ববিদ্যালয়টি। উৎসবের এই আয়োজনের মধ্যেও শিক্ষার্থীদের প্রত্যাশা, প্রাপ্তি ও না-পাওয়ার বিষয়গুলো সামনে আসছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও হীরকজয়ন্তী উপলক্ষে শিক্ষার্থীদের প্রত্যাশা ও প্রাপ্তির কথা তুলে ধরেছেন মোতাহের উদ্দিন।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. রাকিব হোসেন বলেন, পাহাড়, ঝরনা ও সবুজ অরণ্যে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়তনে দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অথচ প্রায় ২৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে মাত্র ২১–২৬ শতাংশ আবাসিক সুবিধা পান। ফলে অধিকাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাসের আশপাশে অস্বাস্থ্যকর ও স্যাঁতসেঁতে পরিবেশে বসবাস করতে হচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের আন্দোলন, দাবি ও আশ্বাসের পরও আবাসন সংকটের স্থায়ী সমাধান হয়নি। বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে তাঁর প্রত্যাশা, নতুন হল নির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং আবাসন সংকট নিরসনে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। উৎসবের আনন্দ তখনই সার্থক হবে, যখন শিক্ষার্থীদের মৌলিক আবাসন অধিকার নিশ্চিত হবে।

পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী মনি সরকার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য নিয়ে তাঁরা গর্ব করেন। তবে একজন শিক্ষার্থী হিসেবে তাঁর প্রত্যাশা, এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি গবেষণা, আবাসন ও ক্যারিয়ার গড়ার সুযোগ আরও সমৃদ্ধ হবে। ৬০ বছরের অর্জনের সঙ্গে শিক্ষার্থীদের জন্য কিছু দৃশ্যমান পরিবর্তনও যুক্ত হোক—এটাই তাঁর প্রত্যাশা।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহমুদুন্নবী মাহি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী তাঁদের জন্য শুধু একটি উৎসব নয়, বরং ছয় দশকের অর্জন, ঐতিহ্য ও সম্ভাবনাকে মূল্যায়ন করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

তিনি বলেন, একজন শিক্ষার্থী হিসেবে তাঁর প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়টি যেন শুধু সনদ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং মানসম্মত শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে আরও এগিয়ে যায়। হীরকজয়ন্তী উদ্‌যাপন তখনই সার্থক হবে, যখন এই আয়োজন কেবল স্মৃতিচারণে সীমাবদ্ধ না থেকে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়নের একটি কার্যকর রূপরেখা তৈরি করবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com