সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Logo
×

ভারতের ভোটার তালিকা থেকে মুসলিমদের নাম বাদ দেওয়ার ঘটনায় শিবিরের উদ্বেগ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি নাম বাদ পড়া এবং এর মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের বৈধ ভোটারদের ভোটাধিকার ও নাগরিকত্বের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (১৬ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতারা বলেন, আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতে দেশব্যাপী ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারদের মধ্যে মুসলিমদের সংখ্যা উদ্বেগজনক। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিশেষ যাচাই-বাছাইয়ের আওতায় প্রায় ২৭ লাখ ভোটারের নাম বাদ পড়েছে, যাদের মধ্যে প্রায় ৭০ শতাংশই মুসলিম।

তারা বলেন, বৈধ পরিচয়পত্র ও পারিবারিক নথি থাকা সত্ত্বেও অনেক বাংলাভাষী মুসলিমের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের অনেককে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে আটক এবং বাংলাদেশে পুশ-ইন করার অভিযোগও উঠেছে। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার সনদের সুস্পষ্ট লঙ্ঘন।

ভারতের প্রচলিত নির্বাচনি ও সাংবিধানিক আইনের প্রসঙ্গ তুলে নেতারা বলেন, দেশটির গণপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ২১(৩) ধারা অনুযায়ী নির্বাচন কমিশন বিশেষভাবে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দিতে পারে। তবে একই আইনের ২২ নম্বর ধারা এবং ভোটার নিবন্ধন বিধিমালা, ১৯৬০-এর ২১এ বিধি অনুযায়ী, ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দেওয়ার আগে যথাযথ তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের যুক্তিসংগত সুযোগ দিতে হয়। পাশাপাশি ভারতের সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা ও ১৫ নম্বর অনুচ্ছেদে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ ও জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। ফলে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো নাগরিকের ভোটাধিকার খর্ব করা বা বৈষম্যমূলক আচরণ করা দেশটির সাংবিধানিক নীতির পরিপন্থি।

বিবৃতিতে নেতারা আরও বলেন, ভারতে মুসলিমদের নাগরিক ও মৌলিক অধিকার সংকুচিত করার প্রক্রিয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় ও আইনি পরিকল্পনার অংশ। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-এর মাধ্যমে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নাগরিকত্ব নির্ধারণের বৈষম্যমূলক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

তাঁদের দাবি, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি), সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, তিন তালাক আইন, অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বাস্তবায়নের উদ্যোগ, ওয়াকফ সম্পত্তি সংশোধনী আইনসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে। পাশাপাশি ৩৭০ অনুচ্ছেদ বাতিল, তিন তালাক আইন, অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চাপিয়ে দেওয়ার উদ্যোগ, ওয়াকফ সম্পত্তি সংশোধনী আইন, গরু জবাই ও গো-মাংসের ওপর বিভিন্ন রাজ্যে আরোপিত নিষেধাজ্ঞা, মসজিদ ভেঙে ফেলা এবং মুসলিমদের বাড়িঘর ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার মতো কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। বর্তমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এসব বৈষম্যমূলক পদক্ষেপের ধারাবাহিকতায় 'শনাক্ত কর, বাদ দাও এবং বিতাড়িত কর' নীতিরই একটি স্পষ্ট বহিঃপ্রকাশ।

শিবির নেতারা বলেন, নাগরিকদের ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। ধর্মীয় পরিচয়ের কারণে কোনো জনগোষ্ঠীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা কিংবা নাগরিকত্বের প্রশ্নে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com