সিলেটের সারদা স্মৃতি হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠকের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সারদা হলে তালা ঝুলিয়ে দিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতারা।
এ সময় হলের ভেতরে দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নানা কার্যক্রমের ছবি নামিয়ে ফেলেন তারা। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে নগরের ক্বীন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন খান তালা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটের সারদা স্মৃতি হলে আওয়ামী লীগের লোকজন জড়ো হয়ে সভা করতেন; এমন অভিযোগ তুলে হলটিতে তালা ঝুলিয়ে দিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সিলেট জেলা ও মহানগর শাখার নেতারা। এ সময় হলের ভেতরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন ছবি ও প্রতিকৃতির ফ্রেমও সরিয়ে ফেলেন তারা।
জাসাস নেতারা সাংবাদিকদের বলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের দুই নেতা শামসুল আলম সেলিম ও রজত কান্তি গুপ্ত সংগঠনটিকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত করেছিলেন। দীর্ঘদিন ধরে তারা খবর পাচ্ছিলেন সারদা স্মৃতি হলে জড়ো হয়ে সভা করছেন আওয়ামী লীগের লোকজন। প্রথমে বিষয়টি কেউ বিশ্বাস করেনি। তবে রবিবার রাতে এ ধরনের একটি সভার প্রস্তুতির খবর পান জাসাস নেতারা। পরে তারা সারদা স্মৃতি হলে যান। সোমবার দুপুরে সেখানে গিয়ে শেখ মুজিবুর রহমানের ছবির বিভিন্ন ফ্রেম সরিয়ে হলটিতে তালা লাগিয়ে দেন জাসাস নেতারা।
তাদের দাবি, সারদা স্মৃতি হলের মালিক সিলেট সিটি করপোরেশন (সিসিক)। তাই হলের চাবি সিসিকের প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে। এরপর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন সিসিকের প্রশাসক।
সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন খান বলেন, ‘আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন সভা করেন। সিলেটকে অস্থিতিশীল করতে এই সভা করা হয়েছে। খবর পেয়ে আমরা গিয়ে দেখি হলের দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবিসহ কালচারাল ফ্যাসিস্টেদের ছবি রয়েছে। তার মানে তারা সেখানে কার্যক্রম চালিয়েছেন। আগের ছবিগুলো নামানো ছিল।’
তিনি বলেন, ‘সিলেট জেলা ও মহানগর জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্য নেতাদের উপস্থিতিতে দেয়াল থেকে ছবিগুলো নামানো হয়। ছবি ও হলের চাবি সিলেট সিটি করপোরেশনে হস্তান্তর করা হবে।’
তালা লাগানোর সময় সিলেট জেলা ও মহানগর জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, ‘এ নিয়ে কেউ থানায় কোনও অভিযোগ করেনি। ফলে বিষয়টি আমাদের জানা নেই।’

আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারার আহ্বান রিজভীর
খালেদা জিয়া সেজে জনসভায় আসা তুরামনির স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন