মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

ইঞ্জিন রুমে ঢুকে ট্রেনের দুই চালককে কুপিয়ে জখম

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন রুমের ভেতরে ঢুকে ট্রেনের দুই চালককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৭ নভেম্বর) রাত ৩টা ২০ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার দুধপাতিলা মুরগির ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিটিও ট্যাংকার ট্রেনের লোকো মাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকো মাস্টার কবীর হোসেন।

স্থানীয়দের সহযোগিতায় আহত দুই রেলকর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় তাদের মোবাইল ফোন, টাকা-পয়সা ও কাপড়চোপড় ছিনিয়ে নেওয়া হয়।

লোকো মাস্টার নজরুল ইসলাম বলেন, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খালি বিটিও ট্যাংকার ট্রেন ক্রসিংয়ের জন্য ওই এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় চারজন মুখোশধারী ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আমাদের কুপিয়ে আহত করে। দুর্বৃত্তরা আমাদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা ও কাপড় নিয়ে পালিয়ে যায়।

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার ইয়াছিন আরাফাত বলেন, ঘটনার পর ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে নেওয়া হয়। বর্তমানে ট্রেনটি উথলী স্টেশনে অবস্থান করছে। ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হবে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ঘটনার বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। তবে, বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com