প্রথম সমাচার ডেস্ক:
দীর্ঘ প্রতীক্ষা, নানা প্রতিকূলতা, ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি প্রস্তুতির পর অবশেষে বাস্তবে রূপ নিতে শুরু করেছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন।
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।
প্রথম ইউনিট থেকে প্রাথমিক পর্যায়ে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হয়। এর মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে সূচিত হলো এক নতুন অধ্যায়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপির উপস্থিতিতে এ ঐতিহাসিক গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হয়। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম গ্রিড সংযোগ বা ফার্স্ট গ্রিড কানেকশন (এফজিসি) কার্যক্রমের আওতায় প্রাথমিক পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এরপর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে পরবর্তী পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সামঞ্জস্য যাচাই করা হবে। এসব পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদন নিতে হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে পরবর্তী ধাপে পুনরায় ট্রায়াল অপারেশনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রথম ইউনিটের ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হওয়ার পর স্থায়ীভাবে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হবে। তবে পূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

এবার মুশফিককে ছাড়িয়ে নতুন রেকর্ড লিটনের
ভূরুঙ্গামারীতে পৃথক মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার