প্রথম সমাচার ডেস্ক:
সুন্দরবনে বনদস্যুদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গভীর থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি জানান, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, একটি বনদস্যু দল দস্যুতার উদ্দেশ্যে সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গহিনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউট পোস্ট নলিয়ান যৌথভাবে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বনের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার গান, চারটি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি এবং দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে দস্যুদলের সদস্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, সরকারের সুস্পষ্ট নির্দেশনা, সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যু মুক্ত করা সম্ভব হবে বলে কোস্ট গার্ড আশাবাদী।

ছয় দশকের সুরে উপমহাদেশ জয় রুনা লায়লার
সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১, আহত ২