মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

কুমিল্লায় ইয়াবাসহ যুবদল নেতা মহিন হোসেন গ্রেপ্তার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কুমিল্লার লাকসামে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবদল নেতা মহিন হোসেন (৪০) ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার তিনজনকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার মহিন হোসেন উপজেলার বাকই (দক্ষিণ) ইউনিয়নের বড় বিজরা গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। অপর দুজন হলেন লাকসাম পৌরসভাভর ১ নম্বর ওয়ার্ডের নশরতপুর গ্রামের জহিরুল ইসলাম (২৮) এবং ৪ নম্বর ওয়ার্ডের পেয়ারাপুরে একটি খাদ্য মিলে কর্মরত মিজানুর রহমান (৩৫)। মিজানুরের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদ্রা গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ উল্লাহ উপজেলার বিজরা বাজার এলাকায় অভিযান চালিয়ে মহিন হোসেনকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। একই দিন এসআই মো. নাজমুল কবির পৌরশহরের নশরতপুর এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ইসলাম ও মিজানুর রহমানকে আরও ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।

এ বিষয়ে লাকসাম উপজেলা যুবদলের সভাপতি মো. জিল্লুর রহমান ফারুক বলেন, যুবদলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী তিনজনকে গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। কিশোর গ্যাং, নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com