বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Logo
×

বগুড়ায় উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বগুড়া সদর উপজেলা পরিষদের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টার পর শহরের মাটিডালী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার পর কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে সদর উপজেলা পরিষদের সামনে আসেন। তাদের একজন সড়ক থেকে উপজেলা পরিষদের ফটক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেন। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনার ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ককটেল নিক্ষেপের পরপরই দুর্বৃত্তরা মোটরসাইকেলে উঠে স্লোগান দিতে দিতে চলে যাচ্ছেন।

খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলীসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ওসি ইব্রাহীম আলী বলেন, সদর উপজেলা পরিষদের ভেতরে কোনো ককটেল বিস্ফোরিত হয়নি। দুর্বৃত্তরা সড়ক থেকে পরিষদের সামনে ককটেল ছুড়ে পালিয়ে যান। ঘটনার সময় ফটকে দুজন আনসার সদস্য দায়িত্বে ছিলেন। তবে তারা দুর্বৃত্তদের চিনতে পারেননি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com