প্রথম সমাচার ডেস্ক:
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হবে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় নতুন ও সংশোধিত ২১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পাশাপাশি আগে অনুমোদিত আরো ১৪টি চলমান প্রকল্পের অগ্রগতি ও সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগের প্রকাশিত সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এটি একনেকের সপ্তম সভা।
সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রস্তাবিত ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ শীর্ষক মেগা প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। দেশের গ্রামীণ যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালী করতে আট বিভাগের ৪৮ জেলার ১২৫টি উপজেলায় মোট ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রকল্পটিতে।
স্থানীয় সরকার বিভাগের অধীনে নেয়া প্রকল্পটি বাস্তবায়ন করবে এলজিইডি। সম্পূর্ণ সরকারি অর্থায়নে (জিওবি) বাস্তবায়নের জন্য এতে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা। একনেকে অনুমোদন পেলে চলতি বছর কাজ শুরু করে ২০৩১ সালের মধ্যে নির্মাণ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা কমিশন প্রকল্পটি যাচাই-বাছাই শেষে অনুমোদনের সুপারিশ করেছে।
একনেক নোটিশ অনুযায়ী, অনুমোদনের জন্য উপস্থাপন করা ২১টি প্রকল্পের মধ্যে ১৪টি নতুন, পাঁচটি সংশোধিত এবং দুইটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এছাড়া মন্ত্রী কর্তৃক অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি ছোট ও মাঝারি প্রকল্প একনেক কমিটির অবগতির জন্য উপস্থাপন করা হবে।
প্রস্তাবিত ২১টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৬৬৭ কোটি ৮৮ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ৩৪ হাজার ২৩২ কোটি ৭২ লাখ টাকা, বৈদেশিক প্রকল্প ঋণ থেকে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা জোগান দেয়ার প্রস্তাব করা হয়েছে।
নতুন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা ওয়াসার ‘দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্প (ফেজ-১)’। গুলশান, বনানী ও বারিধারার পয়ঃবর্জ্য দাশেরকান্দি পয়ঃশোধনাগারে নিতে এ প্রকল্পের আওতায় ১৪০ কিলোমিটার পয়ঃলাইন নির্মাণ করা হবে। এছাড়া ছয়টি পয়ঃবর্জ্য উত্তোলন ও পাম্পিং স্টেশন নির্মাণে ৬ কোটি ৭০ লাখ টাকা এবং পয়ঃলাইন পরিষ্কারের যন্ত্রপাতি কিনতে ২ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্র থেকে প্রেম, কার ভাগ্যে কী
আজও গাজীপুরে শ্রমিক আন্দোলন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী আটক