প্রথম সমাচার ডেস্ক:
আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যেই ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালু হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে সিলেট বিভাগের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প এবং সুরমা নদীর ওপর নতুন সেতু নির্মাণ প্রকল্প অনুমোদনের খবরও জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় সিলেটবাসীকে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।
ভিডিও বার্তায় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সিলেট বিভাগের গ্রামীণ রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট বিভাগের গ্রামীণ অবকাঠামোর দীর্ঘদিনের পিছিয়ে থাকা অবস্থার দ্রুত উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে বিভাগের সংসদ সদস্যদের নির্বাচনি প্রতিশ্রুতি পূরণেও অগ্রগতি হবে।
সিলেট-১ আসনের বাসিন্দাদের জন্য আরেকটি সুখবর দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, পৃথক একটি প্রকল্পের আওতায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর নতুন একটি সেতু নির্মাণ করা হবে। সেতুটি নির্মিত হলে স্থানীয় যোগাযোগব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালুর বিষয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রেল মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে তার কথা হয়েছে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যেই এ রুটে নতুন একটি ট্রেন চলাচল শুরু করবে।
সিলেটবাসীর জন্য গুরুত্বপূর্ণ এসব প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বাণিজ্যমন্ত্রী।

গোপালগঞ্জে বিক্ষোভকারীদের হামলায় পুলিশ পরিদর্শক আহত
ছাত্রদল নেতার টুঙ্গিপাড়ায় দেয়াল তোলার প্রস্তাব, আওয়ামী সমর্থকদের ‘রি-কারেকশনের’ আহ্বান
নিষিদ্ধ সংগঠনের পলাতক নেতাকে দেশে ফেরানোর চুক্তি, আটক ২