প্রথম সমাচার ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ছাত্রশিবিরের দুই নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বিক্ষোভ শুরু করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। হীরকজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত স্মারকলিপিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ১৯৯০ সালের জসীম-গাফফার কমিটির নাম বাদ পড়ার প্রতিবাদে তারা এ বিক্ষোভ করেন। পরে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী হল মোড় ও নিরাপত্তা দপ্তরের সামনে দিয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে মিছিল শেষ করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা হীরকজয়ন্তীর অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দেন। এতে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল থেকে চলে যান।
ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, ছাত্রশিবিরের কর্মীরা বহিরাগত শিক্ষার্থীদের নিয়ে হীরকজয়ন্তীর অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করেছিলেন। তবে ছাত্রশিবিরের পক্ষ থেকে এ অভিযোগ নাকচ করা হয়েছে। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে তাদের দুই নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন চবি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি।
আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ এবং আরবি সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেফতাহুল আবেদিন আশিক।
এ বিষয়ে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, বহিরাগতদের নিয়ে হীরকজয়ন্তীর অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করেছিলেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের মুখোমুখি অবস্থানে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। তবে আমি কিংবা আমার দলের কোনো নেতাকর্মী আহত হননি।
অন্যদিকে চবি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, আমাদের বিক্ষোভ মিছিল ছিল। সেটি শেষ করে আমরা হীরকজয়ন্তীর অনুষ্ঠানস্থলে যাই। এ সময় চবি ছাত্রদলের সভাপতি আমাদের ব্যানার ধরে টান দিয়ে প্রবেশে বাধা দেন। একপর্যায়ে তারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করলে আমাদের দুই সদস্য আহত হন।

এমপিদের এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
২০২৬ সালের সেরা শব্দ ‘হিউম্যান’, কারণ জানাল কেমব্রিজ
আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান