প্রথম সমাচার ডেস্ক:
যুদ্ধবিগ্রহ, বৈরী আবহাওয়া ও বিশ্ব অর্থনীতিতে নানা ধাক্কার মধ্য দিয়ে শেষ হতে চলেছে ২০২৬ সাল। বছরজুড়েই আলোচনার অন্যতম কেন্দ্রে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। মানবকল্যাণে নতুন সম্ভাবনা তৈরি করা এই প্রযুক্তি নিয়ে নানা আলোচনা ও উদ্বেগের মধ্যে ২০২৬ সালে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘হিউম্যান’ (মানুষ)।
শব্দটির অর্থ হলো দেবতা, প্রাণী বা যন্ত্রের বিপরীতে মানুষের স্বতন্ত্র গুণাবলি, সীমাবদ্ধতা ও অনুভূতির অধিকারী হওয়া। এআইয়ের দ্রুত বিস্তার এবং এর কারণে মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে পড়ার আশঙ্কার প্রেক্ষাপটে শব্দটি ২০২৬ সালের ‘সময়ের চেতনা’ ধারণ করেছে বলে মনে করেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের বোর্ড সদস্য ফ্রান্সেসকা উডওয়ার্ড।
বার্তা সংস্থা এএফপি জানায়, ফ্রান্সেসকা উডওয়ার্ডের মতে, গত ১২ মাসে বিশেষ করে এআই মানুষের কর্মসংস্থান দখল করে নিতে পারে, এমন উদ্বেগের কারণে মানুষ ‘মানুষ হওয়ার প্রকৃত অর্থ’ নিয়ে গভীরভাবে ভাবছে। মানুষ আসলে কী, তা নিজেদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এআই ও অনলাইন জগতের সঙ্গে সম্পর্কিত আরও কয়েকটি শব্দকে পেছনে ফেলে ‘হিউম্যান’ বর্ষসেরা শব্দের স্বীকৃতি পেয়েছে। প্রযুক্তি কীভাবে মানুষের জীবন বদলে দিচ্ছে, সে বিষয়ে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহের প্রতিফলন ঘটেছে এই নির্বাচনে বলে জানান ফ্রান্সেসকা উডওয়ার্ড।
কেমব্রিজ ডিকশনারির শব্দবিশারদেরা ‘হিউম্যান-মেইড’ (মানুষের তৈরি) ও ‘হিউম্যান অথর’ (মানব লেখক)-এর মতো যৌগিক শব্দেও ‘হিউম্যান’-এর ব্যবহার বাড়তে দেখেছেন।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দর্শন ও বিজ্ঞান বিভাগের অধ্যাপক টম ম্যাকক্লেল্যান্ড ‘হিউম্যান’ শব্দটিকে ‘খুবই আকর্ষণীয় একটি নির্বাচন’ বলে উল্লেখ করেন। তার মতে, বর্তমান সময়ে মানবতা সম্পর্কে মানুষের ধারণা বদলে যাচ্ছে।
টম ম্যাকক্লেল্যান্ড বলেন, ‘আমরা মানুষের মন ও কৃত্রিম মনের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করছি। একইভাবে আমাদের মতো জীবিত সত্তা এবং আমাদের তৈরি কৃত্রিম সত্তার মধ্যেও পার্থক্য খুঁজছি। আমাদের আলাদা করে কী, চেতনা, সৃজনশীলতা, নাকি সহমর্মিতা?’
মানুষ হওয়ার অর্থ কী, তা নিয়ে চলমান বিতর্কে বিশ্বনেতাদের পাশাপাশি পোপ চতুর্দশ লিও, বিল গেটস, ধ্রুপদি সাহিত্য ও সংস্কৃতির গবেষক মেরি বিয়ার্ড এবং অভিনেত্রী কেট ব্ল্যানচেটের মতো বিশিষ্ট ব্যক্তিরাও মতামত দিয়েছেন।

স্বাস্থ্যগত কারণে ওসমান ফারুকের পদত্যাগ, ৫ এমপি পদত্যাগের গুজব প্রচার করছে আওয়ামীপন্থীরা
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার চেষ্টা, অটোরিকশা ভাঙচুর
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী