প্রথম সমাচার ডেস্ক:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় ব্যাংকের ভেতরে একজন নিরাপত্তাকর্মী ঘুমিয়ে ছিলেন। তবে আগুনে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুড়ে গেছে শাখাটির সামনের ডিজিটাল সাইনবোর্ড।
বুধবার (১৮ নভেম্বর) নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রামীণ ব্যাংকের ওই শাখায় অগ্নিসংযোগের দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের বরাতে পুলিশ জানায়, রাত দুইটার দিকে এক ব্যক্তি ব্যাংকের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে ব্যাংকের সামনের ডিজিটাল সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রায় দেড় মিনিট পর আগুন নিভে গেলে ওই ব্যক্তি আবারও সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকের ভেতরে থাকা নিরাপত্তাকর্মী হাফিজুর রহমানকে ঘুম থেকে জাগিয়ে বাইরে নিয়ে আসে।
নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন জানান, অগ্নিসংযোগের ঘটনায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু ডিজিটাল সাইনবোর্ডটি পুড়ে গেছে। এ ঘটনায় শাখা ব্যবস্থাপক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

স্বাস্থ্যগত কারণে ওসমান ফারুকের পদত্যাগ, ৫ এমপি পদত্যাগের গুজব প্রচার করছে আওয়ামীপন্থীরা
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার চেষ্টা, অটোরিকশা ভাঙচুর
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী