প্রথম সমাচার ডেস্ক:
জামালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে ছেলের ফেসবুকে ভিডিও প্রকাশের পর নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. নাজমুল জান্নাত শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মোশাররফ হোসেন খোকন (৫০) জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার ছেলে শাহাদাৎ হোসেন চয়ন নান্দিনা সাংগঠনিক উপজেলা শাখা ছাত্রলীগের সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে চয়ন নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। এতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ডাকা ১৯ নভেম্বরের দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।
এরপর চয়নকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে তাকে বাড়িতে না পেয়ে তার বাবা মোশাররফ হোসেন খোকনকে গ্রেপ্তার করে নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল।
এদিকে বাবাকে গ্রেপ্তারের পরও বুধবার দুপুর পর্যন্ত চয়নের ফেসবুক আইডিতে ওই ভিডিওটি সক্রিয় দেখা গেছে।
নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হক জানান, চয়নের ফেসবুক পোস্টে নাশকতার হুমকি ছিল। পাশাপাশি তার বাবা বাড়িতে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পদ্মা সেতুর সীমানায় দেশীয় অস্ত্র হাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের হাওয়া, সরব সম্ভাব্য প্রার্থীরা
বরিশালে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, গাছের গুঁড়িতে আগুন