প্রথম সমাচার ডেস্ক:
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে বৈঠক করেছে ১১ দলীয় ঐক্য। বৈঠকে দেশবিরোধী অপতৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জোটের নেতারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নেন।
বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন বলেন, সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা ও সহানুভূতি জানাই। সরকার কঠোর হাতে নৈরাজ্য দমন করবে বলে আশা করি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানাই।
তিনি বলেন, জনগণকে সম্মিলিত গণপ্রতিরোধের মাধ্যমে অপশক্তিকে প্রতিহত করতে হবে। ১১ দল জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে রয়েছে। দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।
সরকারের আলোচনার আহ্বানে ১১ দলের সাড়া দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিরোধীদলীয় নেতা ইতিমধ্যে সরকারপ্রধানের আহ্বানে প্রাথমিক সাড়া দিয়েছেন। ঐক্যের প্রয়োজনীয়তা সরকারও অনুভব করছে। এই ঐক্যের প্রধান ভিত্তি হতে হবে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা।
সাম্প্রতিক সহিংসতার ঘটনায় প্রশাসনের গাফিলতি বা দুর্বলতা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের আরও সচেতন ও কার্যকর ভূমিকা নেওয়া জরুরি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে বড় ধরনের পাল্টা অভিযান চালানো হয়নি।
তিনি বলেন, এখন পর্যন্ত প্রাণহানি ও জানমালের ক্ষয়ক্ষতির ঘটনাগুলো ফ্যাসিবাদী আওয়ামী লীগের পরাজিত শক্তির সন্ত্রাসী হামলার কারণে ঘটছে। প্রশাসনের ভূমিকার প্রশংসা করলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও সতর্ক, সচেতন ও দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তবে এখনই প্রশাসনের ব্যর্থতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় না ১১ দল।
তারেক রহমান ও জামায়াতের আমিরের বৈঠকে কী আলোচনা হয়েছে- এমন প্রশ্নে তিনি বলেন, এটি দুই শীর্ষ নেতার একান্ত বৈঠক। পরাজিত শক্তির মোকাবিলায় দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ করার বার্তাই এ বৈঠকের মধ্য দিয়ে এসেছে বলে করি।

রংপুরে প্রাথমিক বিদ্যালয়ে আগুন, আতঙ্কিত শিক্ষার্থীরা
লক্ষ্মীপুরে থানায় ককটেল নিক্ষেপ, নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক
মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ পুড়ল ১০ যানবাহন