প্রথম সমাচার ডেস্ক:
জয়পুরহাটের আক্কেলপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আবু হাসনাত হিমেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রোয়াইড় গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আবু হাসনাত হিমেল (৩৩) ওই গ্রামের মাহাবুব আলম সরদারের ছেলে। তিনি ২০১৯ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর রাতে আক্কেলপুর পৌরশহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।
ওই মামলার তদন্তে আবু হাসনাত হিমেলের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে ওই মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতার পরিকল্পনার মামলায় তদন্তে হিমেলের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

বিদেশ যেতে বিএমইটিতে নিবন্ধন কেন করবেন, কীভাবে করবেন
গ্রিন টি’র কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা
আজ থেকে গোপালগঞ্জ যাচ্ছে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস