বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Logo
×

ডিবি হেফাজতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বাসার সামনে পুলিশ আসার পর ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। পুলিশ কেন তার বাসায় এসেছে, সে বিষয়ে কিছু জানেন না বলে লাইভে দাবি করেন তিনি।

জ্যোতি বলেন, ‘আমাকে বিনা ওয়ারেন্টে পুলিশ ধরতে এসেছে। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’

তিনি বলেন, ‘আমাকে ফোন করলে থানা কিংবা ডিবি অফিসে নিজেই যেতাম। তবে আমার হাতে হাতকড়া পরাবেন না। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।’ লাইভের শেষ দিকে মা-বাবাকে ভয় না পাওয়ার আশ্বাস দেন এই অভিনেত্রী।

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, গ্রুপের সদস্যরা আন্দোলন ও আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন প্রচার-প্রচারণায় যুক্ত ছিলেন। জ্যোতিকা জ্যোতির নামও ওই গ্রুপের সদস্যদের তালিকায় ছিল।

এর আগে গ্রুপে যুক্ত থাকার বিষয়ে ফেসবুক লাইভে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন অভিনেত্রী। তিনি দাবি করেছিলেন, আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে তথ্য ও আপডেট জানার জন্য গ্রুপটিতে যুক্ত ছিলেন।

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের একাধিক থানায় মামলাও রয়েছে। তবে বর্তমানে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com