প্রথম সমাচার ডেস্ক:
গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ কার্যকরের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দল। এ দাবিতে ইতোমধ্যেই লংমার্চসহ দেশজুড়ে একাধিক কর্মসূচি পালন করেছে তারা। এমনকি এ ইস্যুতে প্রয়োজনে সংসদ বর্জন বা সংসদ থেকে পদত্যাগেরও চিন্তাভাবনা ছিল।
তবে আগামী ডিসেম্বর সামনে রেখে দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের মুখে সেই চিন্তা থেকে আপাতত সরে আসছে ১১ দল। দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে বিরোধী জোটের এমন অবস্থানের কথা জানা গেছে।
তারা বলছেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে জোরালোভাবে মাঠে থাকার পাশাপাশি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সরকারকে বাধ্য করতে চায় বিরোধীরা। তবে আওয়ামী নৈরাজ্য ঠেকানোর বৃহত্তর স্বার্থে আপাতত সরকারের পাশে থাকলেও, দীর্ঘমেয়াদে জুলাই সনদ নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এশিয়া পোস্টকে বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাত থেকে আট মাস ধরে আন্দোলন করে আসছি। বিএনপি সরকার মুখে বলছে জুলাইকে তারা ধারণ করে। কিন্তু জুলাইয়ের সবচেয়ে বড় যে আকাঙ্ক্ষা ছিল, অর্থাৎ রাষ্ট্রব্যবস্থার সংস্কার সেখানে তারা ভিন্ন পথে হাঁটছে। গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জুলাইয়ের সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায় জামায়াত। এ জন্য আমরা আরও বড় পরিসরের কর্মসূচির কথা ভাবছি।’
দেশের বিদ্যমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, ‘জামায়াত মনে করে জনগণকে সঙ্গে নিয়ে এই দাবিগুলো আদায় করা যাবে। এত কিছুর পরও সরকার যদি ভিন্ন পথে হাঁটে, তাহলে আমাদের চলমান ছয় দফা এক দফায় পরিণত হবে।’
একই রকম মত দিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সংসদ সদস্য আতিক মুজাহিদ। এশিয়া পোস্টকে তিনি বলেন, ‘গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে সরকারের ওপর চাপ বাড়াতে আমাদের সংসদীয় কমিটির নেতৃত্বে একটা সংস্কার কমিটি কাজ করছে। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে আমরা কাজ করে যাব। গণভোটের গণরায় বাস্তবায়নের ক্ষেত্রে মানুষের উদ্বেগকে প্রাধান্য দেওয়া হবে। প্রয়োজনে বিরোধী দল সংসদ বর্জন করবে।’
জামায়াতে ইসলামীর মজলিশে শূরা সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম বলেন, ‘জুলাই সনদ বাংলাদেশের মানুষের বহুল প্রত্যাশিত আকাঙ্ক্ষার জায়গা। এটি উপেক্ষা করা মানে জনগণের সঙ্গে বড় ধরনের প্রহসন। গণরায়ের প্রতি শ্রদ্ধার জায়গা থেকেই জামায়াত এ ব্যাপারে অনড় অবস্থান নিয়েছে।’
শেরপুর-১ (সদর) আসনের এই সংসদ সদস্য বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় কৌশলগতভাবে কিছুটা নমনীয় হলেও দীর্ঘমেয়াদে জুলাই সনদ ইস্যুতে সরকারকে ছাড় দেওয়া হবে না। এটি মানতে তাদের বাধ্য করা হবে। প্রয়োজনে সংসদ বর্জন করা হবে। তবে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে পিছু হটার কোনো সুযোগ নেই।

যশোরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক
জুলাই বনাম আওয়ামী লীগ-ভারতীয় আধিপত্যবাদ: আসিফ মাহমুদ
পাবনায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে আগুন