প্রথম সমাচার ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কিশোরগঞ্জের বিএনপিদলীয় সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় অবস্থান নিয়ে দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকে জেলার ছয়টি নির্বাচনি এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল-সমাবেশ এবং গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে নাশকতা ও নৈরাজ্যবিরোধী প্রচারণা চালাচ্ছেন।
এরই মধ্যে বুধবার রাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের কুশাকান্দা গ্রামে একটি মামলার এজাহারভুক্ত আসামি এরশাদ মেম্বারের বাড়িতে হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
অন্যদিকে কটিয়াদী উপজেলার ধুলদিয়া গ্রাম থেকে নাশকতার উদ্দেশ্যে তৈরি করা চার শতাধিক নতুন বৈঠাসহ জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকা থেকে কিশোরগঞ্জে এসে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে সতর্ক অবস্থান নিয়েছি। আমরা নৈরাজ্য ও নাশকতাবিরোধী মিছিল-সমাবেশ, মতবিনিময় ও প্রচারণা চালিয়ে যাচ্ছি।
জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, তার নির্বাচনি এলাকায় উল্লেখ করার মতো কোনো নাশকতামূলক ঘটনা ঘটেনি।
একই সময় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নিজ এলাকায় ফিরে বুধবার সন্ধ্যার পর থেকে নেতাকর্মীদের নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছি।
তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের কুশাকান্দা গ্রামে মামলার এজাহারভুক্ত আসামি এরশাদ মেম্বারের বাড়িতে নাশকতার বৈঠকে বাধা দিতে গেলে প্রথমে এলাকাবাসী ও পরে নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া কটিয়াদী উপজেলার ধুলদিয়া ইউনিয়নের ধুলদিয়া গ্রাম থেকে চার শতাধিক নতুন বৈঠাসহ জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

৩৯ দিনের কর্মসূচি এনসিপির, কোন দিন কী থাকছে
হাসিনার ফিরে আসার কথা নিছক রাজনৈতিক স্টান্টবাজি: এমপি কয়ছর
প্রধানমন্ত্রীর নির্দেশে কিশোরগঞ্জে এমপিদের নেতৃত্বে সতর্ক অবস্থানে বিএনপি