শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Logo
×

কথিত লকডাউনে ২০ জেলায় সন্ত্রাস

Icon প্রথম সমাচার ডেস্ক

খাগড়াছড়িতে পিকআপে আগুন

খাগড়াছড়ি সদরের খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এতে গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে।

কটিয়াদীতে তিন শতাধিক বৈঠা উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদীতে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা তিন শতাধিক বৈঠা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বৈঠা তৈরির কারিগর জসিম মিয়াকে আটক করেছে। বুধবার রাতে সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের ধুলদিয়া নতুন বাজারে অভিযান চালিয়ে এসব বৈঠা উদ্ধার করা হয়।

গতকাল ভোরে ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করে রাখা মীর এক্সপ্রেসের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির ভেতরের আসন ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়।

বাসটির মালিক শফিকুল ইসলাম জানান, ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তিনি বাসটি কিনেছিলেন। গাড়ি কেনা ও মেরামত বাবদ তার প্রায় ২১ লাখ টাকা ঋণ রয়েছে। বাসটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন ঋণের কিস্তি পরিশোধ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

একই রাতে ফুলবাড়িয়ার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে পেট্রোলজাতীয় পদার্থ ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কক্ষের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।

এর আগে বুধবার রাতে গৌরীপুরের বিসকা রেলওয়ে স্টেশন এলাকায় লোকাল ট্রেনের একটি বগিতে আগুন দেয় দৃর্বুত্তরা। ট্রেনের গার্ড ও নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

পাবনায় ইউএনও অফিসে ককটেল

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বুধবার মধ্যরাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করে ইউএনও তামারা তাসবিহা জানান, রাত দেড়টা থেকে পৌনে দুইটার দিকে নবনির্মিত অডিটোরিয়ামের পেছনের জানালার কাচ ভেঙে দুর্বৃত্তরা অডিটোরিয়ামের ভেতরে ঢুকে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে অডিটোরিয়ামের ভেতরে আগুন ধরে যায়। এ ঘটনায় ভেতরে থাকা দুটি চেয়ার পুড়ে গেছে এবং এসি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাভারে ককটেল বিস্ফোরণ

সাভার বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময়ে আওয়ামী হকার্স লীগকর্মীকে আটক করেছে জনতা। গতকাল ভোরে মাছ বাজারের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যেতে থাকে কয়েকজন যুবক। এ সময় উপস্থিত লোকজন তাদের ধাওয়া করে এবং একজনকে আটক করে।

রংপুর মহানগরীতে গ্যারেজে পার্কিং করা শাপলা পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে নগরীর মা ও শিশু হাসপাতালের সামনে সাজু মিয়ার গ্যারেজে এ ঘটনা ঘটে।

মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার পাশেই এ ঘটনা ঘটে। একই সময় গোড়াই ফ্লাইওভার এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এবি পার্টি চেয়ারম্যানের গাড়িতে আগুন

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর গাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। গতকাল বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকায় এবি পার্টির কার্যালয়ের সামনে এই আগুন দেওয়া হয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

রূপগঞ্জে ২৩ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিনের বাড়িসহ ২৩ বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে ৫০-৬০ যুবক রামদা, ছুরি, হকিস্টিক, পাইপ ও লোহার রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এসব হামলা চালায়। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলিবর্ষণে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সজীব ও গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান বিদ্যুতের বাড়িতে দ্বিতীয় দফা হামলা চালায়।

এছাড়া বুধবার রাতে বিভিন্ন দলে বিভক্ত হয়ে দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আ.লীগের নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে।

পটুয়াখালীতে আট বাড়িতে আগুন

পটুয়াখালীতে এক রাতের ব্যবধানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আট নেতার বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পৌর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। ধারাবাহিক এসব হামলার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে পারেনি পুলিশ।

রাজশাহীতে শাহরিয়ারের বাড়িতে আগুন

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাঘার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মোটরসাইকেলে আসা পাঁচ-ছয়জন বাড়িটির প্রাচীর টপকে ভেতরে ঢোকে। এরপর তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন দিয়ে তারা চলে গেলে স্থানীয় লোকজন চিৎকার করে আশপাশের মানুষকে জড়ো করেন। তারা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com