প্রথম সমাচার ডেস্ক:
নীলফামারীর কিশোরগঞ্জে নিজেকে ‘রাসূল’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচার ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ইসহাক আলী (৫৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ইসহাক আলী কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী কাচারীপাড়া এলাকার মৃত শমসের মামুদের ছেলে।
স্থানীয় সূত্র ও অভিযোগ সূত্রে জানা যায়, ইসহাক আলী দীর্ঘদিন ধরে নিজেকে পীর হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে মুরিদ করতেন।
অভিযোগ রয়েছে, নিজ বসতবাড়িতে সাউন্ড সিস্টেম বাজিয়ে নারী-পুরুষকে জড়ো করে বিভিন্ন বেপোরোয়া কর্মকাণ্ড চালাতেন তিনি। স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ থাকলেও ভয়ে কেউ মুখ খোলার সাহস পেতেন না।
এরই মধ্যে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসহাক আলীর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তিনি নিজেকে ‘রাসূল’ দাবি করে পবিত্র কালিমা বিকৃত করেন এবং আপত্তিকর মন্তব্য করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা তার বাড়িতে জড়ো হলে এলাকায় উত্তেজনা ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার মধ্য থেকে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। এ ঘটনায় স্থানীয়দের পক্ষ থেকে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজেকে পীর ও রাসূল দাবি করে প্রচারিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উত্তেজিত জনতা ওই ব্যক্তির বাড়ি ঘিরে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন
