প্রথম সমাচার ডেস্ক:
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এ দেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। হাজারো মানুষ হত্যা ও লাখো মানুষের রক্ত যাদের হাতে লেগে আছে, তারাই আবার মানুষ মারার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। নিজেদের কৃতকর্মের জন্য তাদের কোনো অনুশোচনা নেই; বরং রয়েছে ঔদ্ধত্য ও অহমিকা।
তিনি বলেন, তারা মনে করে, মানুষকে কষ্ট দিলে জনগণ তাদের প্রত্যাবর্তনের সুযোগ করে দেবে। কিন্তু তাদের এসব কর্মসূচি দেশপ্রেমিক জনগণ ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ এখনো রক্তের পিপাসা ভুলতে পারেনি। নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা দেশে ফেরার পথ দিন দিন আরও কঠিন করে তুলছে। আগুনে মানুষ পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন ধ্বংসাত্মক ও ন্যক্কারজনক।
শুক্রবার (২০ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘নগর ও ওয়ার্ড দায়িত্বশীল তারবিয়াত’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা শেখ ফজলে বারী মাসউদ বলেন, শরিয়াহ প্রতিষ্ঠার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এ দেশের মানুষ প্রচলিত আইন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষকে বোকা বানানোর আর সুযোগ নেই। অচিরেই ইসলামী শরিয়াহর পক্ষে গণআন্দোলন গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে নগর সহসভাপতি আলহাজ আবদুল আউয়াল মজুমদার বলেন, প্রতিটি ওয়ার্ডে ইসলামী শরিয়াহ প্রতিষ্ঠার জন্য জনমত গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ, সহসভাপতি আলহাজ এম এইচ মোস্তফা, যুগ্ম সম্পাদক ফজলুল হক মৃধা ও সহকারী সম্পাদক মুফতি আবদুল আহাদ প্রমুখ।
সূত্র: মূল প্রতিবেদন

দিনাজপুরে নিষিদ্ধ আ’লীগের দুই নেতার বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ