প্রথম সমাচার ডেস্ক:
ভারতের সবচেয়ে ধনী রাজ্য ২০৩০ সালের শেষ নাগাদ নবায়নযোগ্য জ্বালানি থেকে তাদের বিদ্যুতের চাহিদার অর্ধেকের বেশি পূরণের লক্ষ্য নিয়েছে। তবে দ্রুত শিল্পায়ন, ডেটা সেন্টারের বিস্তার এবং বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বৃদ্ধির কারণে বিদ্যুতের চাহিদাও বাড়ছে।
ভারতের বৃহত্তম রাজ্য অর্থনীতি এবং অন্যতম শিল্পোন্নত অঞ্চল মহারাষ্ট্র ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের হার বর্তমানের প্রায় ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫২ শতাংশে উন্নীত করার প্রত্যাশা করছে। রাজ্যটির বৃহত্তম বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান লোকেশ চন্দ্র এ তথ্য জানিয়েছেন।
মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান এক সাক্ষাৎকারে বলেন, চলতি দশকের শেষ নাগাদ রাজ্যটির সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ৪০ শতাংশ বেড়ে ৪৫ গিগাওয়াটে পৌঁছাতে পারে।
সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে ভারতের মোট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৬ শতাংশ এসেছে মহারাষ্ট্র থেকে। এদিকে, গত বছর ভারতের স্থাপিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৫৬ শতাংশ ছিল জীবাশ্ম জ্বালানিবহির্ভূত উৎস থেকে। এর ফলে ২০৩০ সালের মধ্যে এ খাতে ৫০ শতাংশ অংশীদারত্ব অর্জনের লক্ষ্যমাত্রা থেকে অনেকটাই এগিয়ে রয়েছে দেশটি। এর পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি ২০৩৫ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় পরিচ্ছন্ন জ্বালানির অংশ ৬০ শতাংশে উন্নীত করার অঙ্গীকার করেছে।
চন্দ্র বলেন, ২০৩০ সালের মধ্যে মহারাষ্ট্রের ৫২ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা আগামী এক দশকে রাজ্যের মোট বিদ্যুতের ৬৫ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে সরবরাহের বৃহত্তর লক্ষ্যের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ সময়ে বিদ্যুতের মোট চাহিদা প্রতিবছর ৭ থেকে ৮ শতাংশ হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এই চাহিদা বৃদ্ধির বড় একটি অংশ আসবে উদীয়মান শিল্প খাত থেকে। ডেটা সেন্টার ও গ্রিন হাইড্রোজেন উৎপাদন কার্যক্রমে নবায়নযোগ্য বিদ্যুতের ওপর ব্যাপক নির্ভরতা থাকবে। পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বৃদ্ধি এবং ভারী শিল্পের কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাবে বলে আশা করা হচ্ছে।
চন্দ্র বলেন, ‘আমরা ২০৩০ সালের মধ্যে ডেটা সেন্টার খাত থেকে অন্তত ৭ গিগাওয়াট বিদ্যুতের চাহিদা আশা করছি।’ তিনি আরও বলেন, বিদ্যুতের অতিরিক্ত চাহিদা বৃদ্ধির অর্ধেকের বেশি আসবে এ খাত থেকে।
তিনি বলেন, ‘গ্রিন হাইড্রোজেনের ক্ষেত্রে বর্তমানে কিছুটা ধীরগতি রয়েছে। তবে ভোক্তাদের জন্য অর্থনৈতিকভাবে আরও লাভজনক হয়ে উঠলে এ খাতে চাহিদা বাড়বে বলে আমরা আশা করছি।’
ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত মহারাষ্ট্র সেবা ও উৎপাদনশিল্পের একটি বড় কেন্দ্র। গাড়ি, ইস্পাত ও ওষুধশিল্পসহ বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে রাজ্যটিতে। এ কারণে এটি ভারতের সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহারকারী রাজ্য। ২০২৬ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে রাজ্যটির অর্থনীতির আকার ৫৪ লাখ কোটি রুপি (৫৭ হাজার ৮০০ কোটি ডলার) ছাড়িয়েছে। রাজ্যটির রাজধানী মুম্বাইয়ে রয়েছে ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং টাটা গ্রুপের মতো প্রতিষ্ঠান।
নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের পাশাপাশি জ্বালানি সংরক্ষণব্যবস্থা গড়ে তোলার উদ্যোগও নিচ্ছে মহারাষ্ট্র। এর লক্ষ্য, সৌর ও বায়ুশক্তি থেকে ক্রমবর্ধমান বিদ্যুৎ উৎপাদনের চাপ সামাল দিতে বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা বাড়ানো।
তবে মহারাষ্ট্র জীবাশ্ম জ্বালানি পুরোপুরি বাদ দিচ্ছে না। চন্দ্র বলেন, নিরবচ্ছিন্ন ভিত্তিগত বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে রাজ্যটি পুরোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর পরিবর্তে নতুন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে।
তবে চন্দ্রের ভাষায়, ‘পরিচ্ছন্ন জ্বালানিই ভবিষ্যতের পথ।’
সূত্র: মূল প্রতিবেদন

চীনের আদলে আধুনিকায়ন হবে দেশের ৯ পলিটেকনিক ইনস্টিটিউট: শিক্ষামন্ত্রী