শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Logo
×

ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ভারতের সামরিক প্রশিক্ষণ ক্ষেত্র ব্যবহারের সুযোগ পাবে জাপান

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

জাপান ও ভারতের শীর্ষ কূটনীতিক এবং প্রতিরক্ষাপ্রধানরা সামরিক ও অস্ত্রশিল্প খাতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছেন। এর আওতায় জাপানের সেলফ-ডিফেন্স ফোর্সেসকে (এসডিএফ) ক্ষেপণাস্ত্রের সরাসরি নিক্ষেপের প্রশিক্ষণ পরিচালনার জন্য ভারতের সামরিক প্রশিক্ষণ ক্ষেত্র ব্যবহারের অনুমতি দেওয়া হবে।

বৃহস্পতিবার টোকিওতে অনুষ্ঠিত ‘টু-প্লাস-টু’ বৈঠকে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি ও পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এ সময় দুই দেশ ‘ইচ্ছামতো রপ্তানি নিষেধাজ্ঞা এবং বাজারবহির্ভূত নীতির মাধ্যমে অর্থনৈতিক চাপ প্রয়োগের বিষয়ে গভীর উদ্বেগ’ প্রকাশ করে। বক্তব্যটি ছিল চীনের প্রতি পরোক্ষ ইঙ্গিত।

গত বছরের নভেম্বরে তাইওয়ান সংকটের ক্ষেত্রে জাপানের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের পর সৃষ্ট তীব্র বিরোধের জেরে বেইজিং কয়েক ডজন জাপানি প্রতিষ্ঠানকে রপ্তানি নিষেধাজ্ঞার তালিকায় রেখেছে। পাশাপাশি দ্বৈত ব্যবহারযোগ্য পণ্যের চালান নিষিদ্ধ করেছে এবং জাপানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল মৃত্তিকা উপাদানের রপ্তানিও বন্ধ করে দিয়েছে।

জাপান, ভারত, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত ‘কোয়াড’-এর নেতারাও চলতি সপ্তাহের শুরুতে অর্থনৈতিক চাপ প্রয়োগ নিয়ে একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে মোতেগি বলেন, ‘আমাদের সহযোগিতার মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতার ভিত্তি হিসেবে ভূমিকা রাখতে চাই আমরা।’

বৃহস্পতিবারের বৈঠকে চার মন্ত্রী প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি খাতে সহযোগিতা জোরদার এবং জাপানের ইউএনআইসিওআরএন (UNICORN) নৌবাহিনীর রেডিও অ্যান্টেনা ভারতে রপ্তানির লক্ষ্যে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়েও একমত হন।

এর আগের দিন কানাগাওয়া প্রিফেকচারের ইয়োকোসুকায় মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের (এমএসডিএফ) নৌঘাঁটি পরিদর্শন করেন কোইজুমি ও সিং। সেখানে তাঁরা এমএসডিএফের মোগামি শ্রেণির ফ্রিগেট ‘নাতোরি’তে (Natori) আরোহণ করেন। জাহাজটিতে ইউএনআইসিওআরএন সমন্বিত স্টেলথ মাস্ট ব্যবস্থা রয়েছে।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি ছিল ভারতের সামরিক প্রশিক্ষণ ক্ষেত্রগুলোতে প্রথমবারের মতো জাপানের সেলফ-ডিফেন্স ফোর্সেসকে সরাসরি অস্ত্র ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রশিক্ষণ পরিচালনার অনুমতি দেওয়ার বিষয়ে দুই দেশের সমঝোতা। এর মধ্যে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ব্যবহারও অন্তর্ভুক্ত রয়েছে।

কোইজুমি বলেন, ‘এটি শুধু সেলফ-ডিফেন্স ফোর্সেসের প্রশিক্ষণের পরিধি বাড়ানোর ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়, বরং জাপান-ভারত সহযোগিতার নতুন পর্যায়ের বিষয়টি এই অঞ্চলসহ এর বাইরেও সুনির্দিষ্টভাবে তুলে ধরার একটি উদ্যোগ।’

গত মাসে জাপান জানিয়েছিল, দীর্ঘপাল্লার অস্ত্র পরীক্ষার জন্য ভারতের ক্ষেপণাস্ত্র প্রশিক্ষণ ক্ষেত্র ব্যবহারের সম্ভাবনা যাচাই করতে দেশটিতে কর্মকর্তাদের পাঠানো হয়েছে। এর মধ্যে জাপানের টাইপ-২৫ জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ছোট আকারের আক্রমণাত্মক ড্রোনও রয়েছে বলে জানিয়েছেন জাপানের গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ জেনারেল মাসায়োশি আরাই।

আরাই বলেন, টাইপ-২৫ ক্ষেপণাস্ত্রের প্রায় ১ হাজার কিলোমিটার পাল্লার পূর্ণ ব্যবহার নিশ্চিত করে কীভাবে প্রশিক্ষণ পরিচালনা করা যায়, তা নির্ধারণের প্রচেষ্টার অংশ হিসেবে কর্মকর্তাদের ভারতে পাঠানো হয়েছিল। তিনি বিষয়টিকে ‘একটি বড় চ্যালেঞ্জ’ হিসেবে বর্ণনা করেন।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, দেশটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রশিক্ষণ ক্ষেত্রের সংখ্যা কম হওয়ায় নিজ ভূখণ্ডে এ ধরনের পরীক্ষা পরিচালনার সুযোগ অত্যন্ত সীমিত।

তবে জাপান শুধু দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্যই ভারতের প্রশিক্ষণ ক্ষেত্রগুলো ব্যবহারের কথা ভাবছে না। এসব প্রশিক্ষণ কেন্দ্রে ছোট আকারের আক্রমণাত্মক ড্রোনের পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার সম্ভাবনা নিয়েও ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন জাপানের কর্মকর্তারা।

জাপান একটি বহুস্তরবিশিষ্ট উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। এই ব্যবস্থায় বিপুলসংখ্যক কম খরচের চালকবিহীন আকাশযান, জলযান ও ডুবোযান অন্তর্ভুক্ত থাকবে, যেগুলো নজরদারি ও আক্রমণ উভয় কাজেই ব্যবহার করা হবে। পাশাপাশি শত্রুপক্ষের অস্ত্রের পাল্লার বাইরে থেকে আঘাত হানতে সক্ষম স্ট্যান্ড-অফ ক্ষেপণাস্ত্রও থাকবে।

গত আগস্টে জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইজুমি এবং তাঁর অস্ট্রেলীয় প্রতিপক্ষ রিচার্ড মার্লেস ঘোষণা দেন, জাপানকে অস্ট্রেলিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রশিক্ষণ ক্ষেত্র ব্যবহারের আরও বেশি সুযোগ দেওয়ার বিষয়েও দুই দেশ কাজ করছে।

অস্ট্রেলিয়া ও ভারতের প্রশিক্ষণ ক্ষেত্র ব্যবহারের বিষয়ে এসব উদ্যোগ একত্রে জাপানকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য বিকল্প সুযোগ তৈরি করে দেবে। জাপানের চারপাশের অঞ্চলে চীনের সামরিক তৎপরতা প্রতিরোধ এবং উত্তর কোরিয়ার ক্রমেই উন্নত হয়ে ওঠা ক্ষেপণাস্ত্র অস্ত্রভান্ডারের জবাব দিতে শক্তিশালী নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে টোকিও। এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর জন্য এই সুযোগ প্রয়োজন।

বৃহস্পতিবারের চার পক্ষের বৈঠকের পর কোইজুমি ও সিং দ্বিপক্ষীয় বৈঠক করেন। সেখানে দুই প্রতিরক্ষামন্ত্রী ‘নৌযান নির্মাণ ও নকশা খাতে যৌথ উন্নয়নের সম্ভাবনা যাচাইয়ের বিষয়ে চলমান আলোচনা এগিয়ে নেওয়ার’ ব্যাপারে একমত হন।

জাপান তাদের উন্নত সংস্করণের মোগামি শ্রেণির ফ্রিগেট অংশীদার দেশগুলোর কাছে বিক্রি করতে আগ্রহী। অস্ট্রেলীয় নৌবাহিনীকে এসব যুদ্ধজাহাজ সরবরাহের বিষয়ে টোকিও ও ক্যানবেরার মধ্যে ঐতিহাসিক চুক্তি হওয়ার পর সম্ভাব্য ক্রেতা হিসেবে ভারতের নাম বারবার আলোচনায় এসেছে।

চুক্তিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে জাপানের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি চুক্তি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com