প্রথম সমাচার ডেস্ক:
বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রার ১৫ বছর পার হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এখনো নিজেদের অবস্থান তৈরি করতে পারেনি বস্ত্র প্রকৌশল বিষয়ে দেশের একমাত্র বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। দেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পে দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে এখনো জায়গা করে নিতে পারেনি প্রতিষ্ঠানটি।
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াকোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) সর্বশেষ বিশ্ববিদ্যালয় তালিকায় দেশের বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থান থাকলেও এবারও দেখা যায়নি বুটেক্সের নাম। দেশের প্রধান রপ্তানি খাতের জন্য দক্ষ জনবল তৈরি করা প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক মূল্যায়নে এমন অনুপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও প্রশ্নের জন্ম দিয়েছে।
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে গবেষণার মান ও প্রভাব, একাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতিসহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়। এসব সূচকে ভালো অবস্থান তৈরি করতে প্রয়োজন মানসম্মত গবেষণা, আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা, বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা এবং কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা। বুটেক্সের ক্ষেত্রে এসব ক্ষেত্রে রয়েছে নানা সীমাবদ্ধতা।
বিশ্ব র্যাংকিংয়ে ভালো করতে হলে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়ন জরুরি বলে মন্তব্য করেন ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মো. জিয়াউর রহমান। তিনি বলেন, হাতে-কলমে শিক্ষার জন্য পুরোনো বড় মেশিনের বদলে প্রতিটি ধাপের আধুনিক 'স্যাম্পল মেশিন' কেনা উচিত এবং প্রশাসনের উচিত শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার প্রোফাইলের দিকে নজর দেওয়া। আধুনিক ল্যাব ও পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ে স্মার্ট বা টেকনিক্যাল টেক্সটাইলের মতো সমসাময়িক বিষয়ে উচ্চতর গবেষণার সুযোগ নেই বললেই চলে। পাশাপাশি, বিদ্যমান ল্যাব ব্যবহারের জটিল অনুমতি প্রক্রিয়া এবং সুশৃঙ্খল শিডিউলিং সিস্টেমের অভাবে শিক্ষার্থীরা গবেষণার ক্ষেত্রে বিশ্বমানের তুলনায় ক্রমেই পিছিয়ে পড়ছে।
শিক্ষার্থীদের অভিযোগ, গবেষণার অবকাঠামো ও সুযোগ-সুবিধার ঘাটতি তাদের কাজের আগ্রহ কমিয়ে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইহ্সানুল জামিল বলেন, গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ল্যাব ব্যবহারের সুযোগ সহজ নয়। কোনো কোনো ক্ষেত্রে ল্যাব সহকারীদের অসহযোগিতা ও দুর্ব্যবহারের শিকার হতে হয়, যা শিক্ষার্থীদের নিরুৎসাহিত করে। এ ছাড়া বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য নিজস্ব অর্থ ব্যয় করতে হয় তাদের। শিক্ষার্থীদের গবেষণার সুযোগ বাড়াতে বিনা মূল্যে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ে সম্ভব নয় এমন পরীক্ষার বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
বিশেষায়িত প্রতিষ্ঠান হওয়ায় বুটেক্সকে মাল্টিডিসিপ্লিনারি গবেষণার ক্ষেত্রে কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম বলেন, কিউ১ মানের জার্নালে প্রকাশনা বাড়ানো, বিদেশি শিক্ষক ও গবেষকদের যুক্ত করা এবং স্মার্ট টেক্সটাইল গবেষণাকে অগ্রাধিকার দিয়ে তিন থেকে পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রয়োজন। পাশাপাশি প্রাতিষ্ঠানিক তথ্য সংগ্রহ ও নিয়মিত তদারকির জন্য স্থায়ী র্যাংকিং সেল গঠন করা জরুরি।
কেবল কিছু উপাদান পরিবর্তন করে আগের গবেষণার পুনরাবৃত্তি করলে আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশনা সম্ভব নয়। গবেষণার উদ্ভাবনী মানের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. এ এম আজমল মোর্শেদ বলেন, গবেষণায় নতুনত্ব, বিদ্যমান গবেষণার সীমাবদ্ধতা শনাক্তকরণ এবং তথ্যের যথাযথ উপস্থাপন জরুরি। শিক্ষক-শিক্ষার্থীদের মেধার অভাব না থাকলেও প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার ঘাটতি রয়েছে। গবেষণায় প্রণোদনা দেওয়া এবং প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের সম্পৃক্ত করা গেলে এ ক্ষেত্রে অগ্রগতি সম্ভব।
গবেষণা কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান। তিনি বলেন, বুটেক্সের গবেষণা কার্যক্রমে গবেষণা ও সম্প্রসারণ শাখার (রিসার্চ অ্যান্ড এক্সটেনশন সেকশন) আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা প্রয়োজন। এ শাখার যথাযথ সমন্বয় ও তদারকির অভাবে বিশ্ববিদ্যালয়ের গবেষণার অর্জন আন্তর্জাতিক পর্যায়ে যথাযথভাবে তুলে ধরা যাচ্ছে না। পাশাপাশি স্কোপাস ও ওয়েব অব সায়েন্স সূচিভুক্ত জার্নালে গবেষণাপত্র প্রকাশের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। এ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের থিসিস ও গবেষণার জন্য পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক আর্থিক সহায়তা এবং শিক্ষকদের গবেষণা প্রকল্পের অর্থায়ন ও বরাদ্দ ব্যবহারের প্রক্রিয়া সহজ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি ও উচ্চতর গবেষণার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্বাস উদদীন শায়ক। তিনি বলেন, বুটেক্সের শিক্ষার্থীদের প্রায় শতভাগ চাকরি হলেও এ সাফল্যের তথ্য আন্তর্জাতিক র্যাংকিং কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে পৌঁছায় না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অর্জন, পুরস্কার, প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্য ও যৌথ গবেষণার তথ্য পর্যাপ্তভাবে তুলে ধরা হয় না। এ ছাড়া প্রতিষ্ঠানটি প্রায় সম্পূর্ণ স্নাতকনির্ভর হওয়ায় উচ্চতর গবেষণার সুযোগ সীমিত। এ জন্য পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষক নিয়োগ এবং তাদের গবেষণায় সমন্বিত অর্থায়ন প্রয়োজন।
তবে গবেষণা ও সম্প্রসারণ শাখার অভ্যন্তরীণ ব্যবস্থাপনায়ও সীমাবদ্ধতার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, একাধিক সেকশনের বিভিন্ন দায়িত্ব একসঙ্গে সামলাতে হওয়ায় কাজের চাপ অনেক বেড়ে গেছে। এ ছাড়া দপ্তরের জন্য পৃথক কক্ষ ও প্রয়োজনীয় জনবল না থাকায় কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে। এসব সমস্যা সমাধানে একাধিকবার রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রারের মাধ্যমে উপাচার্যের কাছে বিষয়গুলো জানিয়েছেন বলে জানান তিনি।
এ বিষয়ে মন্তব্য জানতে গবেষণা ও সম্প্রসারণ বিভাগের পরিচালক অধ্যাপক ড. শরফুন নাহার আরজুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।
কিউএস র্যাংকিংয়ে বুটেক্সের অবস্থান তৈরি এবং এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে রেজিস্ট্রার ড. রাশেদা বেগম দিনা বলেন, র্যাংকিংয়ে ভালো অবস্থান তৈরিতে একাধিক বিষয় গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে। গত দুই বছরে অধিকাংশ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে বুটেক্স কিউএস র্যাংকিংয়ে জায়গা করে নিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রার পর থেকে বুটেক্স মূলত পাঠদান ও শিল্পকারখানাভিত্তিক কর্মসংস্থান তৈরিতে গুরুত্ব দিয়ে আসছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক পরিচিতি তৈরির ক্ষেত্রে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান নয়। গবেষণায় অর্থায়ন, আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা, উচ্চতর গবেষণার সুযোগ এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার উন্নয়ন নিশ্চিত করাই এখন বিশ্ববিদ্যালয়টির জন্য বড় চ্যালেঞ্জ।
সূত্র: মূল প্রতিবেদন

প্রাথমিক শিক্ষায় ১৫ বছর মেয়াদি জাতীয় কৌশলগত রূপরেখার আহ্বান প্রতিমন্ত্রীর
চরফ্যাশনে বিদ্যালয়ের নৈশপ্রহরীর রুমে নারী, নিয়োগ বাতিলের নির্দেশ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন