প্রথম সমাচার ডেস্ক:
সরকারের অতিরিক্ত ব্যয় মেটাতে ঋণ নেওয়ার মূল্য শুধু সেই ঋণের সুদ পরিশোধের মধ্যেই সীমাবদ্ধ থাকে না।
এই শিক্ষা এখন শুধু যুক্তরাষ্ট্র নয়, আরও অনেক দেশ নতুন করে উপলব্ধি করছে। ফোরচুনের জেসন মা জানিয়েছেন, কয়েক বছর আগে চীনের নেওয়া ঋণের বিপরীতে সুদ পরিশোধের ব্যয় আকাশচুম্বী হয়ে ওঠায় বর্তমানে অর্থনীতি চাঙা করতে দেশটির সক্ষমতা সীমিত হয়ে পড়েছে। অথচ এই মুহূর্তেই অর্থনীতিকে চাঙা করা চীনের জন্য জরুরি।
বিশ্বজুড়েই ঋণের পরিমাণ ব্যাপকভাবে বেড়েছে। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের আর্থিক পরিস্থিতি বৈশ্বিক বাজারে উদ্বেগ সৃষ্টি করলেও চীনের রাজস্ব পরিস্থিতিও খুব একটা ভালো অবস্থায় নেই।
প্রকৃতপক্ষে, সাম্প্রতিক বছরগুলোতে চীনের ঋণের পরিমাণ এতটাই বেড়েছে যে, সব ধরনের ঋণের সুদ ও আসল পরিশোধে সরকারি ব্যয়ের একটি বড় অংশ চলে যাচ্ছে।
ফাইন্যান্সিয়াল টাইমসের উদ্ধৃত কনফারেন্স বোর্ডের নতুন এক হিসাব অনুযায়ী, চলতি বছর চীনের কেন্দ্রীয় সরকারের সাধারণ বাজেটের ১৯ দশমিক ২ শতাংশ ঋণের সুদ ও আসল পরিশোধে ব্যয় হবে। ২০১৪ সালে এ হার ছিল ১২ শতাংশ।
অল্প সময়ের মধ্যে এই ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে অন্যান্য খাতে সরকারের ব্যয় সংকুচিত হচ্ছে। অথচ অতীতে ঋণনির্ভর অতিরিক্ত ব্যয়ের কারণে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে চীনের সরকারের এসব খাতে ব্যয় করা প্রয়োজন।
২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলেই রাজনীতিবিদদের পছন্দের শিল্প খাতগুলোকে সহায়তা করতে চীন সরকার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ঋণ নিয়েছে এবং অর্থনীতিকে চাঙা করতে বিপুল অর্থ ব্যয় করেছে।
কিন্তু এভাবে অর্থনীতির কোন খাত এগিয়ে যাবে আর কোন খাত পিছিয়ে পড়বে, তা নির্ধারণ করে দেওয়ার কারণে এখন সেই ঋণনির্ভর ব্যয়ের বড় একটি অংশ যে অপচয় হয়েছে, তার পরিণতি সামাল দিতে হচ্ছে চীনকে। অর্থনীতিকে চাঙা করতে বারবার ভুল খাতে অর্থ বরাদ্দ দেওয়ার ফলে দেশটির অর্থনৈতিক সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজনীতিবিদদের পরিচালিত এই অর্থনৈতিক পরীক্ষার ক্রমাবনতিশীল ফলাফল তুলে ধরেছেন জেসন মা।
চীনের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধির গতি কমে আসছে। দেশটি চলতি বছরের জন্য নির্ধারিত ৪ দশমিক ৫ থেকে ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ার পথে রয়েছে। রপ্তানিনির্ভর খাতগুলো দ্রুত সম্প্রসারিত হলেও বাণিজ্যিক অংশীদার দেশগুলো নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে। চীনা ভোক্তারা এখনো ব্যয় করতে অনাগ্রহী। বিনিয়োগের গতি দুর্বল। আবাসন খাত এখনো ভয়াবহ ধসের ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। অন্যদিকে, চীনের শেয়ারবাজারেও উল্লেখযোগ্য প্রাণচাঞ্চল্য নেই।
এ ছাড়া বেইজিং বৈদ্যুতিক যানবাহন, রোবট প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নবায়নযোগ্য জ্বালানির মতো অগ্রাধিকারপ্রাপ্ত শিল্প খাতে অর্থায়নের জন্য রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে।
তবে ঋণ দেওয়ার চাপের মুখে অনেক ব্যাংক এমন ঋণগ্রহীতাদের অর্থায়ন করেছে, যাদের ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। ২০১৯ সালের পর থেকে ব্যবসায়িক ঋণের পরিমাণ দ্বিগুণ হয়েছে, অথচ এ সময়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর আয় বেড়েছে মাত্র ৩০ শতাংশ। প্রায় এক-তৃতীয়াংশ প্রতিষ্ঠান লোকসানে থাকলেও ঋণদাতারা আর্থিক সংকটে থাকা প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে তাদের ঋণের মেয়াদ বাড়িয়ে চলেছে।
চীনের রাষ্ট্রনির্ভর প্রবৃদ্ধির মডেল এখন কার্যকারিতা হারাতে শুরু করেছে বলে মনে হচ্ছে। দ্রুত বাড়তে থাকা বিপুল ঋণের বোঝা একটি সতর্কসংকেত। কারণ, স্থানীয় সরকারগুলো প্রায়ই স্বল্প সুদের ঋণ দিয়ে নিজেদের পছন্দের শিল্প খাতের প্রসার ঘটানোর চেষ্টা করে।
চীনের রাজনীতিবিদদের নেতৃত্বাধীন প্রবৃদ্ধির মডেলটি অনেকটা জুয়ায় দ্বিগুণ বাজি ধরার কৌশলের মতো। এ কৌশলে কোনো জুয়াড়ি টানা লোকসানের মুখে পড়লে হারানো অর্থ ফিরে পেতে এবং শেষ পর্যন্ত লাভবান হতে প্রতিবারের পরাজয়ের পর বাজির পরিমাণ দ্বিগুণ করে।
এর চেয়েও উদ্বেগের বিষয় হলো, তারা এই বাজির অর্থ জোগাড় করছে ঋণ নিয়ে। একই সঙ্গে রাজনীতিবিদদের পছন্দের উচ্চঝুঁকিপূর্ণ প্রকল্পগুলোতে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। এসব প্রকল্পে নিজেদের পক্ষে ফলাফল আনার জন্য তারা নানা ধরনের সুবিধা তৈরির চেষ্টা করছে।
এই কৌশল এখন এমন এক রাজস্বসংকটের দিকে দ্রুত ঠেলে দিচ্ছে, যার গভীরতা এতটাই বেশি হতে পারে যে, সেখান থেকে বেরিয়ে আসা হয়তো আর কখনোই সম্ভব হবে না।
সূত্র: মূল প্রতিবেদন
