প্রথম সমাচার ডেস্ক:
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েপড়া ভিডিওগুলো পুরোনো ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই বলেও দাবি করেছে পুলিশ।শনিবার (২১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তর জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর স্লুইসগেট-সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে হামলা করেন। এ ঘটনায় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন।এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি বেন্দারচর গ্রামে। তারা দুজনই বুলু বিশ্বাসের ছেলে।পুলিশ জানায়, ওই হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহত ব্যক্তিদের বিক্ষুব্ধ আত্মীয়স্বজন এবং অন্য ব্যক্তিরা বেন্দারচর গ্রামে একত্রিত হন। একপর্যায়ে তারা হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান।
খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।পুলিশের দাবি, বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের কোনো পরিবারের ওপর কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েপড়া এসব তথ্যের মাধ্যমে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সূত্র: মূল প্রতিবেদন

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি