প্রথম সমাচার ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে স্নায়ুবিজ্ঞানবিষয়ক একটি সম্মেলনে অংশ নিয়ে ফেরার পথে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের এক পিএইচডি শিক্ষার্থীকে আটক করেছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)।
ইভা ই শিয়ে নামের ওই শিক্ষার্থী প্রিন্সটন নিউরোসায়েন্স ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের পিএইচডি গবেষক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও তাঁর সহকর্মীদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ওয়াশিংটন এলাকার একটি বিমানবন্দরে তাঁকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের পরিচালিত সংবাদপত্র দ্য ডেইলি প্রিন্সটোনিয়ান জানিয়েছে, শিয়েকে ভার্জিনিয়ার চ্যান্টিলিতে অবস্থিত একটি অভিবাসন আটককেন্দ্রে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রিন্সটনের স্নায়ুবিজ্ঞান গবেষণাগোষ্ঠী ব্রডি ল্যাব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, রোনাল্ড রিগ্যান ন্যাশনাল বিমানবন্দরে তাঁকে আটক করা হয়। ল্যাবটির তথ্য অনুযায়ী, সোসাইটি ফর নিউরোসায়েন্স সম্মেলনে অংশ নিয়ে ফেরার সময় অভিবাসন কর্তৃপক্ষ তাঁকে আটক করে। ওই সম্মেলনে তিনি একটি গবেষণাপত্রের পোস্টার উপস্থাপন করেছিলেন।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র মাইকেল হটকিস দ্য ডেইলি প্রিন্সটোনিয়ানকে নিশ্চিত করেছেন, শিয়ের পক্ষে আইনি সহায়তা নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুলের ডিন রডনি প্রিস্টলি গভীর রাতে স্নাতকোত্তর শিক্ষার্থীদের কাছে একটি ই-মেইল পাঠান। বৃহস্পতিবার গভীর রাতে প্রিন্সটন নিউরোসায়েন্স ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পাঠানো ওই বার্তায় তিনি পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং বিশ্ববিদ্যালয়ের নেওয়া পদক্ষেপের কথা জানান।
দ্য ডেইলি প্রিন্সটোনিয়ানের হাতে আসা ই-মেইলে লেখা ছিল, ‘আমরা আশা করছি, তিনি শিগগিরই প্রিন্সটনে তাঁর পড়াশোনা আবার শুরু করতে পারবেন। অনুগ্রহ করে আশ্বস্ত থাকুন, পরিস্থিতির সমাধান না হওয়া পর্যন্ত আমরা ওই শিক্ষার্থীর পরিবার, তাঁর আইনি দল এবং প্রিন্সটন নিউরোসায়েন্স ইনস্টিটিউটের সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখব।’
শিয়ের বর্তমান অভিবাসন পরিস্থিতি বা যুক্তরাষ্ট্রে তাঁর অবস্থানের আইনি মর্যাদা প্রকাশ্যে জানানো হয়নি।
২০১৬ সালে চীন থেকে যুক্তরাষ্ট্রে আসেন শিয়ে। তাঁর পোর্টফোলিও অনুযায়ী, ২০২৪ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে কম্পিউটার বিজ্ঞান ও গণিতে ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি অর্থনীতিতে বিশেষায়িত পড়াশোনাও করেন তিনি।
তাঁর পেশাগত অভিজ্ঞতার মধ্যে মেটা, মাইক্রোসফট এআই এবং আইবিএম রিসার্চসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার বিষয়টি রয়েছে। দ্য ডেইলি প্রিন্সটোনিয়ানের তথ্য অনুযায়ী, প্রিন্সটনে তাঁর পিএইচডি গবেষণার বিষয় ‘সিদ্ধান্ত গ্রহণের স্নায়বিক ভিত্তি’।
এ বিষয়ে বক্তব্য জানতে আইসিই ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছে দ্য গার্ডিয়ান।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে দেশজুড়ে চলমান কঠোর অভিবাসনবিরোধী অভিযানের মধ্যে শিয়ের আটকের ঘটনা ঘটল। তাঁর প্রশাসন গণহারে অভিবাসীদের বহিষ্কারকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (ডিএইচএস) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ অর্থবছরে আইসিই ৪ লাখ ৮৩ হাজার ২০০ জনকে বহিষ্কার করেছে এবং ৪ লাখ ৯১ হাজারের বেশি অভিবাসীকে আটক করেছে। সংস্থাটির ইতিহাসে এক অর্থবছরে এ দুটি ক্ষেত্রেই নতুন রেকর্ড তৈরি হয়েছে।
ট্রাম্প প্রশাসনের দাবি, অভিবাসন আইন কার্যকর করা এবং বিপজ্জনক অপরাধীদের দেশ থেকে সরিয়ে দেওয়াই এসব অভিযানের উদ্দেশ্য। তবে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান ও স্বাধীন পর্যালোচনায় দেখা গেছে, আইসিইর হেফাজতে থাকা উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তির বিরুদ্ধে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার রেকর্ড নেই।
এই অভিযান যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশ করা আন্তর্জাতিক শিক্ষার্থী ও অভিবাসীদেরও প্রভাবিত করেছে। শিয়ের আটকের ঘটনা এমন কয়েকটি আলোচিত অভিবাসন মামলার সঙ্গে যুক্ত হলো, যেগুলো বিশ্বজুড়ে নজর কেড়েছে এবং ট্রাম্প প্রশাসনের অভিযানের কৌশল নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
এ ধরনের ঘটনাগুলোর মধ্যে রয়েছে টাফটস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুমাইসা ওজতুর্কের ঘটনা। গত বছর ম্যাসাচুসেটসে অভিবাসন কর্মকর্তারা তাঁকে আটক করেন। তাঁর আটকের ভিডিও দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতি ট্রাম্প প্রশাসনের আচরণ নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে ফিলিস্তিনপন্থী বক্তব্য ও প্রতিবাদে অংশ নেওয়ার কারণে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া বহু বিদেশি শিক্ষার্থীর একজন ছিলেন ওজতুর্ক। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব বিক্ষোভ বিশেষভাবে আলোচিত হয়েছিল।
আরেকটি আলোচিত ঘটনা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার্থী মাহমুদ খলিলকে ঘিরে। ৩০ বছর বয়সী ফিলিস্তিনি বংশোদ্ভূত এই স্থায়ী বাসিন্দা গত বছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিক্ষোভে অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন।
নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই খলিলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে একটি অভিবাসন আটককেন্দ্রে রাখা হয়। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য আটকাবস্থা থেকে বের হওয়ার অনুমতিও তাঁকে দেয়নি কর্তৃপক্ষ।
মেরিল্যান্ডে বসবাসকারী সালভাদরের অভিবাসী কিলমার আব্রেগো গার্সিয়াকে ভুলভাবে বহিষ্কারের ঘটনাতেও ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি তীব্র সমালোচনার মুখে পড়ে। ট্রাম্প প্রশাসন তাঁকে যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেওয়ার ঘটনাকে ভুল বলে স্বীকার করলেও ২০২৫ সালের মার্চে তাঁকে যুক্তরাষ্ট্র থেকে সালভাদরে বহিষ্কার করা হয়।
সূত্র: মূল প্রতিবেদন
