প্রথম সমাচার ডেস্ক:
জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার ক্ষেত্রে প্রতিটি দেশের আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দেশভিত্তিক পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন বলে জানিয়েছে ভারত। জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘের ৩১তম কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ৩১)-এ এ কথা জানায় দেশটি। ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন।
গত ১৬ নভেম্বর কপ৩১-এ ভারতের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, ‘ভারত এমন একটি দ্বিস্তরবিশিষ্ট, সদস্যরাষ্ট্রের নির্দেশনাভিত্তিক ব্যবস্থা কার্যকর করার পক্ষে, যা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজনের প্রতি সংবেদনশীল এবং জাতীয় সার্বভৌমত্ব ও বিভিন্ন দেশের স্বতন্ত্র পরিস্থিতির প্রতি শ্রদ্ধাশীল।’
এর অর্থ হলো, ভারত এমন একটি ব্যবস্থা চায়, যেখানে বৈশ্বিক লক্ষ্য নির্ধারণ করা হবে, কিন্তু সব দেশের ওপর একযোগে শিল্পভিত্তিক বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া হবে না কিংবা নতুন কোনো দায়বদ্ধতা তৈরি করা হবে না। যাদবের যুক্তি, সব দেশের জন্য একই ধরনের পদ্ধতি কার্যকর হবে না।
তিনি সমগ্র অর্থনীতি ও সমাজকে সম্পৃক্ত করে ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এ ক্ষেত্রে কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, অভিযোজন, দারিদ্র্য বিমোচন, জ্বালানির প্রাপ্যতা এবং টেকসই উন্নয়নের মতো বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। এ জন্য দেশগুলোকে পর্যাপ্ত অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সহায়তা করতে হবে। উন্নয়নশীল দেশগুলোর জাতীয় অগ্রাধিকার বাস্তবায়নে এসব সহায়তা অপরিহার্য বলে জানান তিনি।
দেশভিত্তিক পদ্ধতির ওপর যাদবের গুরুত্বারোপের পেছনে ভারতের নিজস্ব বাস্তবতা রয়েছে। দেশটিতে জ্বালানি রূপান্তরের কার্যক্রম ইতিমধ্যে উল্লেখযোগ্য গতিতে এগোচ্ছে। তবে সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক পুনর্বাসনের ব্যবস্থা সেই তুলনায় অনেক পিছিয়ে রয়েছে।
সরকারের শীর্ষ নীতিনির্ধারণী পরামর্শক সংস্থা নীতি আয়োগের এক হিসাব অনুযায়ী, কয়লাখনি ও তাপবিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রায় ১৫ লাখ আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কর্মীর জীবিকা নির্ভরশীল। তবে অর্থনৈতিক নির্ভরশীলতা শুধু তাঁদের মধ্যেই সীমাবদ্ধ নয়। জীবাশ্ম জ্বালানিনির্ভর অঞ্চলগুলোতে সরবরাহব্যবস্থা, পরিবহন ও সেবা খাতের সঙ্গে যুক্ত অনানুষ্ঠানিক জীবিকাও এর আওতাভুক্ত।
‘সিনারিওস টুওয়ার্ডস বিকশিত ভারত অ্যান্ড নেট জিরো: সোশ্যাল ইমপ্লিকেশনস অব ট্রানজিশন’ শীর্ষক ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি বলেছে, জীবাশ্ম জ্বালানিনির্ভর অঞ্চলগুলোর জন্য জীবিকার বিকল্প উৎস তৈরির কৌশল এখন অপরিহার্য হয়ে উঠেছে।
সংক্ষেপে, ভারত দ্রুতগতিতে কয়লার ব্যবহার বন্ধ করার মতো অবস্থায় নেই। কারণ, এতে কয়লাখনি ও তাপবিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরশীল এবং এসব স্থাপনার আশপাশে বসবাসকারী জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
২০১৫-১৬ অর্থবছরে তেল ও গ্যাসসহ তাপবিদ্যুতের স্থাপিত সক্ষমতা ছিল ২১০ দশমিক ৬৭ গিগাওয়াট (জিডব্লিউ)। ভারতের মোট ৩০৫ গিগাওয়াট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার মধ্যে এর অংশ ছিল ৬৯ শতাংশ। এর মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল ১৮৫ দশমিক ১৭ গিগাওয়াট, যা মোট স্থাপিত সক্ষমতার ৬১ দশমিক ৫ শতাংশ।
বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির এক দশকের ব্যাপক প্রবৃদ্ধির পর ভারতের মোট ৫৬৩ গিগাওয়াট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার মধ্যে জীবাশ্ম জ্বালানির অংশ কমে ৪৪ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত কয়লার অংশ ছিল ৪০ শতাংশ।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশ ভারত এখনো দেশব্যাপী অবিলম্বে কয়লার ব্যবহার বন্ধের কোনো ঘোষণা দেয়নি। বিদ্যুৎ উৎপাদনে এখনো কয়লার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তা সত্ত্বেও কয়লাখনি বন্ধের কার্যক্রম দ্রুততর হতে শুরু করেছে। ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে আরও ১৪৭টি কয়লাখনি বৈজ্ঞানিক পদ্ধতিতে বন্ধ করার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
গত পাঁচ বছরে প্রকাশিত প্রায় এক ডজন গবেষণাপত্রে কয়লাখনি বন্ধের নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে। বিশেষ করে অনানুষ্ঠানিক শ্রমিক এবং কয়লাখনি ও বিদ্যুৎকেন্দ্রের আশপাশে বসবাসকারী মানুষের ওপর এর প্রভাবের বিষয়টি এসব গবেষণায় গুরুত্ব পেয়েছে। তবে এখনো দেশটিতে এ ধরনের প্রভাব মোকাবিলায় কোনো সমন্বিত ও পর্যাপ্ত অর্থায়নসম্পন্ন ব্যবস্থা গড়ে ওঠেনি।
২০২৬ সালের অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, কয়লা ও পেট্রোলিয়াম সম্পদ থেকে পাওয়া জীবাশ্ম জ্বালানিসংশ্লিষ্ট রাজস্ব ভারতের ওডিশা রাজ্যের নিজস্ব কর ও করবহির্ভূত রাজস্বের ১৩ দশমিক ১ শতাংশ এবং মোট রাজস্ব প্রাপ্তির ৭ দশমিক ৭ শতাংশ। ভারতের পূর্বাঞ্চলের এই রাজ্যটিকে দেশটির দ্রুত শিল্পায়নশীল রাজ্যগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হয়।
আন্তর্জাতিক অলাভজনক গবেষণা ও থিংক ট্যাংক সংস্থা ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের রাজস্ব কাঠামো জীবাশ্ম জ্বালানি ও খনিজ উত্তোলনশিল্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এর ফলে জ্বালানি রূপান্তর, বাজারের পরিবর্তন এবং পরিবেশগত ঝুঁকির মুখে রাজ্যটির ঝুঁকিপূর্ণ অবস্থান ক্রমেই বাড়ছে।
‘সাসটেইনেবল ফাইন্যান্স ফর আ জাস্ট ট্রানজিশন ইন ওডিশা’ শীর্ষক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ‘রাজ্যের করবহির্ভূত আয়ে খনিজ রয়্যালটি ও কয়লাসংশ্লিষ্ট রাজস্বের গুরুত্ব বিবেচনায় জীবাশ্ম জ্বালানিসংশ্লিষ্ট কর্মকাণ্ডে দীর্ঘস্থায়ী মন্দা রাজস্ব স্থিতিশীলতা, কর্মসংস্থান এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রভাবিত করতে পারে।’
প্রতিবেদনটিতে একটি নির্দিষ্ট রূপান্তর তহবিলসহ টেকসই অর্থায়ন কাঠামো গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
নয়াদিল্লিভিত্তিক অলাভজনক নীতিবিষয়ক প্রতিষ্ঠান ও থিংক ট্যাংক কাউন্সিল অন এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার ২০২৬ সালের মার্চে একটি গবেষণা প্রকাশ করে। এতে দেখা যায়, প্রায় ৭০০ জন উত্তরদাতার মধ্যে ৭৯ শতাংশ মনে করেন, কয়লাশিল্পের বাইরে কাজ করলে তাঁদের আয় কমে যাবে। ওডিশার ঝাড়সুগুদায় ভূগর্ভস্থ ও উন্মুক্ত কয়লাখনিতে কর্মরত বিভাগীয় ও চুক্তিভিত্তিক শ্রমিকদের মধ্যে এ জরিপ পরিচালনা করা হয়।
‘অ্যাসেসিং ইন্ডিয়াস কোল মাইন ওয়ার্কার্স: স্কিলস, প্রেফারেন্সেস অ্যান্ড ফিউচার অপরচুনিটিজ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় অর্ধেক শ্রমিক বিকল্প কর্মসংস্থানের জন্য অন্যত্র যেতে চান না। উত্তরদাতাদের প্রায় ৬১ শতাংশ মনে করেন, কয়লাশিল্পের বাইরে কর্মসংস্থানের সুযোগ খুবই সীমিত।
এর কারণও বোধগম্য। জরিপে অংশ নেওয়া শ্রমিকদের ৭৩ শতাংশ কর্মক্ষেত্রেই কাজ শিখেছেন। পর্যবেক্ষণ ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তাঁরা দক্ষতা অর্জন করেছেন। কয়লাশিল্পে কাজ শুরু করার আগে আনুষ্ঠানিক প্রশিক্ষণ নিয়েছিলেন মাত্র ২৫ শতাংশ শ্রমিক।
আগে উল্লেখ করা নীতি আয়োগের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ১৫০টিরও বেশি জেলা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীবাশ্ম জ্বালানির সরবরাহব্যবস্থার ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল। এসব কার্যক্রমের মাধ্যমে দেশটির মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশের জীবিকা টিকে রয়েছে।
নীতি আয়োগের হিসাব অনুযায়ী, কয়লাখনিতে প্রায় ৩ লাখ ৪৫ হাজার শ্রমিক নিয়োজিত রয়েছেন। তবে এ শিল্পের অনানুষ্ঠানিক শ্রমিকের সংখ্যা আনুষ্ঠানিক শ্রমিকের অন্তত দ্বিগুণ। অর্থাৎ, ১০ লাখের বেশি মানুষ সরাসরি কয়লাখনির ওপর নির্ভরশীল।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে প্রায় ১ লাখ ৭৮ হাজার আনুষ্ঠানিক খনিশ্রমিকের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। এর অন্তত দ্বিগুণসংখ্যক অনানুষ্ঠানিক শ্রমিকের কর্মসংস্থানও সম্ভাব্যভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
ভারতের অধিকাংশ বিদ্যমান তাপবিদ্যুৎকেন্দ্রের কার্যকাল এখনো এক দশকের বেশি বাকি রয়েছে। জীবাশ্ম জ্বালানিসংশ্লিষ্ট উৎপাদন ও পরবর্তী পর্যায়ের শিল্পগুলোতে সরাসরি নিয়োজিত শ্রমিকের তুলনায় অনানুষ্ঠানিক শ্রমিকের সংখ্যা দ্বিগুণ।
২০২৫ সালে প্রকাশিত ‘আ জাস্ট ট্রানজিশন অর আ ডাউনওয়ার্ড স্পাইরাল?’ শীর্ষক একটি গবেষণাপত্রে ভারতের পূর্বাঞ্চলের আরেকটি খনিনির্ভর রাজ্য ঝাড়খণ্ডের পিপারওয়ারে একটি কয়লাখনি বন্ধের বাস্তব ঘটনা পর্যালোচনা করা হয়েছে। এতে দেখা যায়, প্রত্যাশার চেয়ে দ্রুত কয়লা উত্তোলন হওয়ায় নির্ধারিত সময়ের নয় বছর আগেই ২০২০ সালে খনিটি বন্ধ করে দেওয়া হয়।
ভারতের ন্যাশনাল ফাউন্ডেশন ফর ইন্ডিয়ার ২০২৪ সালের জুনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, খনিনির্ভর অর্থনীতিতে অনানুষ্ঠানিক ও অবৈতনিক কাজের ওপর প্রায়ই নির্ভরশীল নারীরা প্রচলিত কর্মসংস্থান মূল্যায়নে উপেক্ষিত থেকে যেতে পারেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আনুষ্ঠানিক কর্মসংস্থানের জন্য তৈরি ক্ষতিপূরণ ও পুনর্বাসন প্যাকেজ পাওয়ার যোগ্যতা অনানুষ্ঠানিক শ্রমিকদের নাও থাকতে পারে।
গত দুই বছরে ভারত কয়লাখনি বন্ধের জন্য রিক্লেইম (RECLAIM) এবং এল.আই.ভি.ই.এস. (L.I.V.E.S.) কাঠামোসহ কিছু ব্যবস্থা গড়ে তুলেছে। এসব ব্যবস্থার আওতায় প্রতি পাঁচ বছর অন্তর এসক্রো তহবিলের ২৫ শতাংশ কমিউনিটি উন্নয়ন ও জীবিকার কার্যক্রমের জন্য এবং ১০ শতাংশ বিশেষভাবে ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের জন্য বরাদ্দ রাখার বিধান রয়েছে। এ ছাড়া স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার কর্মসূচিও শুরু হয়েছে।
তবে ভারতে ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলো কেবল এখনই গড়ে উঠতে শুরু করেছে। ফলে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও জনগোষ্ঠীর সুরক্ষা এখনো অপর্যাপ্ত। গত এক দশকের অভিজ্ঞতা থেকে নতুন জ্বালানি প্রকল্পের মাধ্যমে ব্যাপক পরিসরে বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিক পুনর্বাসন নিশ্চিত হওয়ার বিষয়ে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই। সৌর ও বায়ুশক্তি প্রকল্পে মানুষের শ্রমের প্রয়োজন তুলনামূলকভাবে অনেক কম। নতুন উন্মুক্ত কয়লাখনির ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়।
তাই শ্রমিকদের সুরক্ষা, বিকল্প কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত ব্যবস্থা এখনো প্রয়োজন। তবে এমন ব্যবস্থা গড়ে ওঠার পথ এখনো অনেক দূর।
সূত্র: মূল প্রতিবেদন
