শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Logo
×

ক্যানসারে আক্রান্ত উল্লেখ করে শামীম ওসমান বললেন, ‘কয়দিন বাঁচব জানি না’

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ক্যানসারে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমান। আ. লীগের এ নেতার দাবি, রোগটি তার শরীরে চতুর্থ পর্যায়ে (স্টেজ-৪) পৌঁছেছে।

গতকাল শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি ইউটিউব চ্যানেলের টকশোতে নিজের অসুস্থতার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি কয়দিন বাঁচব, আমি জানি না।’

টকশোতে নিজের শারীরিক অবস্থা তুলে ধরে শামীম ওসমান বলেন, ‘আমি অসুস্থ, আমার ক্যানসার চতুর্থ স্টেজে পৌঁছে গেছে। আমি কয়দিন বাঁচব, আমি জানি না।’

ওই টকশোতে নিজের অসুস্থতার পাশাপাশি নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কারাভোগ, আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা এবং বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন তিনি।

সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর প্রসঙ্গ টেনে শামীম ওসমান বলেন, জামায়াতের বিরুদ্ধে কথা না বলেও আইভীকে কারাভোগ করতে হয়েছে। মেয়র হওয়ার পর তিনি নিজেকে সবার মেয়র হিসেবে পরিচয় দিয়েছিলেন। বিএনপি কিংবা জামায়াতের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য না দিলেও তাকে নয় মাস কারাগারে থাকতে হয়েছে বলে দাবি করেন তিনি।

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থার বিষয়ে শামীম ওসমান বলেন, একসময় গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। কিন্তু কেন্দ্রের ভুল সিদ্ধান্ত, পকেট কমিটি ও কোটাভিত্তিক রাজনীতির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি কমে যাওয়ার পেছনে কেন্দ্রীয় নেতৃত্বেরও দায় রয়েছে। বিভাজনের রাজনীতি দলকে ক্ষতিগ্রস্ত করেছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপিকে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় নিজের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার কথাও তুলে ধরেন শামীম ওসমান। ওই ঘটনায় ক্ষয়ক্ষতির স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com