প্রথম সমাচার ডেস্ক:
লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন দল। তারা ক্ষমতায় থেকেও আগুন-সন্ত্রাস করে অন্যের ওপর দোষারোপ করত। তাদের আগুন সন্ত্রাসের এই খেলা জনগণই রুখে দেবে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার খেলার মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাবুল বলেন, ১৭ বছর আগুন সন্ত্রাসের কারণে জনগণ তাদের বিতাড়িত করেছে। তারা আবারও দু-একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে আগুন সন্ত্রাসের চেষ্টা করছে। দেশের জনগণ সজাগ ও সচেতন রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে সেই আগুন সন্ত্রাস রুখে দেওয়া হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের শিক্ষাব্যবস্থাকেও ধ্বংস করে জিপিএ-৫-এর সংখ্যা বাড়িয়ে দিয়েছিল। কিন্তু সেখানে শিক্ষার গুণগত মান ছিল না; বরং ছিল জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা। এবার প্রশ্নপত্র ভালো থাকায় জিপিএ-৫ কম থাকলেও মেধার বিকাশ ঘটেছে। এ দেশে আগামীতে খেলাধুলাসহ শিক্ষা ও সংস্কৃতির বিকাশ ঘটবে। বর্তমান সরকার শিক্ষার গুণগত মান ফিরিয়ে আনতে কাজ করছে।
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঞ্জুরে মওলা, টুর্নামেন্টের আহ্বায়ক ফারহান উদ্দিন আহমেদ পাশা এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাংবাদিক আনিসুর রহমান লাডলা।
সূত্র: মূল প্রতিবেদন
