প্রথম সমাচার ডেস্ক:
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে দুই ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আগে থেকেই এক ব্যাটালিয়ন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছিলেন। এর সঙ্গে নতুন করে আরও এক ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন শুরু হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আগে থেকে মোতায়েন করা এক ব্যাটালিয়ন (২৭-২৯ প্লাটুন) বিজিবি সদস্যের পাশাপাশি অতিরিক্ত আরও এক ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন শুরু হয়েছে।
এতে আরও বলা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে তারা কাজ করছেন।
সূত্র: মূল প্রতিবেদন
