প্রথম সমাচার ডেস্ক:
টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর রবিউল হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত রবিউল হোসেন উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের কফিল মিয়ার ছেলে। নিহত রবিউল মির্জাপুরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ৮টার পর পাশের আড়াইপাড়া গ্রামে রাজিব চাঁনের বাড়িতে আয়োজিত বার্ষিক ওরস মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রবিউল। রাত ১১টার পর থেকে তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। অবশেষে শনিবার বিকেলে আড়াইপাড়া গ্রামের একটি পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।
ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান জানান, ওরস মাহফিলে গান শোনাকে কেন্দ্র করে গেড়ামারা গ্রামের কয়েকজন ছেলের সঙ্গে রবিউলের মারামারির ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। তবে ওই ঘটনার সঙ্গে রবিউলের মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রবিউলের বোনজামাই জহিরুল ইসলাম বলেন, রবিউল অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। কয়েক বছর আগে তাঁর বাবা মারা যান। তিন বোন ও মায়ের একমাত্র ভরসা ছিলেন তিনি। তাঁর এমন মৃত্যুতে মা ও তিন বোন দিশেহারা হয়ে পড়েছেন।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
সূত্র: মূল প্রতিবেদন
