প্রথম সমাচার ডেস্ক:
শ্রমিক আন্দোলন ঘিরে কয়েক দিন ধরে চলা উত্তেজনা ও অস্থিরতার রেশ কাটিয়ে আবারও স্বাভাবিক ছন্দে ফিরেছে নারায়ণগঞ্জের পোশাকশিল্প।
শনিবার (২১ নভেম্বর) সাপ্তাহিক ছুটি শেষে সকাল থেকে জেলার সব পোশাক কারখানায় স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।
শিল্পাঞ্চলগুলোতে ফিরে এসেছে নিয়মিত কর্মচাঞ্চল্য। কোথাও নতুন করে শ্রমিক অসন্তোষ, বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আন্দোলনকে কেন্দ্র করে কোনো কারখানা বন্ধ থাকার তথ্যও মেলেনি।
শনিবার সকাল থেকে জেলার বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড ও ফতুল্লার শিবু মার্কেট এলাকাসহ বিভিন্ন শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি ছিল স্বাভাবিক। নির্ধারিত সময়েই কর্মস্থলে পৌঁছে উৎপাদন কার্যক্রমে অংশ নেন তারা। আগের উত্তেজনা কিংবা কর্মবিরতির কোনো প্রভাব এদিন কারখানাগুলোতে দেখা যায়নি। সব মিলিয়ে শিল্পাঞ্চলজুড়ে বিরাজ করছে স্বাভাবিক কর্মপরিবেশ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, জেলার সব পোশাক কারখানায় বর্তমানে স্বাভাবিক কর্মপরিবেশ বিরাজ করছে। শ্রমিকদের উপস্থিতিও সন্তোষজনক। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। আগের মতোই বিভিন্ন শিল্প এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছেন তারা।
জেলা প্রশাসক মো. রায়হান কবির এশিয়া পোস্টকে বলেন, জেলার সব পোশাক কারখানায় বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। তাছাড়া নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের শিথিলতা আনা হয়নি। আগের মতোই শিল্পাঞ্চলগুলোতে এবং জেলার বিভিন্ন পয়েন্টে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি, আনসার ব্যাটালিয়ন, এসআরবি, শিল্প পুলিশ, জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নারায়ণগঞ্জের শতভাগ কারখানায় উৎপাদন চলছে, শিল্পাঞ্চলগুলোতে কোথাও কোনো কারখানা বন্ধ হয়নি।
সূত্র: মূল প্রতিবেদন
