রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

‘জয় বাংলা’ স্লোগানে মিছিল থেকে ব্যাংকে আগুন, গ্রেপ্তার ৩

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়।

রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহাবুল কবির বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

ব্যাংকের এরিয়া ম্যানেজার পিংকু চাকমার করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন সিফাত (১৮), মারুফ (২১) ও মহিন উদ্দিন বাদশা (৩৬)। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে চৌমুহনী পূর্ব বাজারের নাপিতের পোল এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের শাখাটির সামনে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। এ সময় ব্যাংকের দুটি জানালার কাচও ভাঙচুর করা হয়।

প্রায় পাঁচ মিনিট পর হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে ব্যাংকের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

পরিদর্শক (তদন্ত) মাহাবুল কবির আরও বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com