সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Logo
×

লাইভে সবার সামনে মেকআপ তুললেন পাকিস্তানি অভিনেত্রী

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

শরীরের ওজন ও শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কটাক্ষের শিকার হচ্ছিলেন পাকিস্তানি অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপক ভিনা মালিক। এবার সরাসরি লাইভ অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়ে সমালোচকদের জবাব দিয়েছেন তিনি। ক্যামেরার সামনেই খুলে ফেলেছেন উঁচু হিলের জুতা, মুছে ফেলেছেন মুখের মেকআপ।

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত তাঁর সকালের অনুষ্ঠান ‘ভিনা হ্যায় না’-তে এ ঘটনা ঘটে। ৪২ বছর বয়সী এই অভিনেত্রী কয়েক মাস ধরে চলা অনলাইন ট্রলিংয়ের প্রসঙ্গ তুলে আবেগপ্রবণ হয়ে পড়েন।

অনুষ্ঠানে প্রথমে নিজের হিল খুলে ক্যামেরার সামনে ধরে ভিনা বলেন, ‘আপনারা শুধু আমার ওজন দেখেছেন। এবার হিল খুলছি, যাতে আমার উচ্চতাও দেখতে পারেন।’

এরপর আসনে ফিরে মেকআপ মোছার ওয়াইপ দিয়ে মুখ পরিষ্কার করেন তিনি। খুলে ফেলেন কৃত্রিম চোখের পাপড়িসহ অন্যান্য প্রসাধনী। ট্রলকারীদের উদ্দেশে ভিনা বলেন, ‘আমাকে মোটা বলুন, কালো বলুন, কুৎসিত বলুন। যা খুশি বলতে পারেন। এসব মন্তব্য আমার কাছে অর্থহীন। কারণ, এসব মানুষ আমার জীবনে কোনো অবদান রাখে না।’

এর আগে নিজের অনুষ্ঠানেই বডি শেমিংয়ের সমালোচনা করেছিলেন ভিনা। তিনি বলেছিলেন, মানুষের ওজন বাড়া-কমা স্বাভাবিক বিষয়। নারীদের শরীর নিয়ে মন্তব্য করার অধিকার অন্যদের কে দিয়েছে, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি।

ভারতীয় দর্শকদের কাছেও পরিচিত ভিনা মালিক। ২০১০ সালে সালমান খানের উপস্থাপনায় ‘বিগ বস’-এর চতুর্থ মৌসুমে অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি। ওই অনুষ্ঠানে সহপ্রতিযোগী আশমিত প্যাটেলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল।

পরে ‘দাল মে কুছ কালা হ্যায়’, ‘জিন্দেগি ৫০-৫০’ ও ‘সুপার মডেল’সহ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেন ভিনা। এ ছাড়া কন্নড় ছবি ‘ডার্টি পিকচার: সিল্ক সাক্কাথ মাগা’ এবং ভৌতিক ছবি ‘মুম্বাই ১২৫ কেএম ৩ডি’তেও অভিনয় করেছেন তিনি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com