প্রথম সমাচার ডেস্ক:
বলিউডের জনপ্রিয় গান ‘মিতওয়া’, ‘তেরে নয়না’ ও ‘দিলদারা’র সঙ্গে জড়িয়ে আছে পাকিস্তানি সংগীতশিল্পী শাফকাত আমানত আলীর নাম। মায়াবী কণ্ঠে অসংখ্য শ্রোতার মন জয় করেছেন তিনি। তবে সংগীতের মঞ্চের আড়ালে দীর্ঘদিন ধরে এক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে এই গায়ককে। সম্প্রতি জানিয়েছেন, তিনি রক্তের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন।
করাচিতে এক সংবাদ সম্মেলনে নিজের অসুস্থতা ও চিকিৎসার অভিজ্ঞতার কথা জানান শাফকাত। তিনি বলেন, জীবনের সেই সময়টি তার জন্য ভীষণ কঠিন ছিল। অসুস্থতার খবর পরিবারের সদস্য, বন্ধু ও ভক্তদের অনেকের কাছ থেকেও গোপন রাখা হয়েছিল। কারণ, তখন তাদের পুরো মনোযোগ ছিল চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার দিকে।
অসুস্থতার অভিজ্ঞতা জানাতে গিয়ে শাফকাত বলেন, তার জীবনে খুব খারাপ একটি সময় এসেছিল। বিষয়টি তাকে, তার পরিবার, বন্ধু ও ভক্তদের ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল। তিনি মাল্টিপল মায়েলোমায় আক্রান্ত হয়েছিলেন। পরিস্থিতি বেশ গুরুতর ছিল এবং দীর্ঘদিন ধরে এই রোগের সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে।
গায়ক জানান, সময়মতো রোগের লক্ষণ বুঝতে পারায় তিনি কিছুটা সুবিধা পেয়েছিলেন। তবে সঠিক চিকিৎসা খুঁজে পেতে তাকে একাধিক চিকিৎসকের পরামর্শ নিতে হয়েছে। শেষ পর্যন্ত করাচিতে চিকিৎসা শুরু করেন তিনি।
অসুস্থতার কারণে দীর্ঘ সময় সংগীতজগৎ থেকে দূরে থাকতে হয়েছে শাফকাতকে। প্রায় এক বছর তাকে বিছানায় বিশ্রামে কাটাতে হয়েছে। চিকিৎসার অংশ হিসেবে নিতে হয়েছে কেমোথেরাপিও। তবে চিকিৎসার একটি পর্যায় শেষ হওয়ার পর আবারও মঞ্চে ফেরেন তিনি। লাহোরে একটি অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি সংগীত পরিবেশনায় ফেরার চেষ্টা করেন। শারীরিকভাবে বেশ কঠিন হলেও শেষ পর্যন্ত অনুষ্ঠানটি সম্পন্ন করেন এই গায়ক।
বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে এখনও চিকিৎসা চলছে। সামনে তার অস্থি মজ্জা প্রতিস্থাপনেরও পরিকল্পনা রয়েছে। চিকিৎসার পাশাপাশি ধীরে ধীরে স্বাভাবিক জীবন ও সংগীতের জগতে ফিরছেন তিনি।
অসুস্থতার কথা জানানোর পাশাপাশি নতুন করে সংগীতানুষ্ঠানে ফেরার ঘোষণাও দিয়েছেন শাফকাত আমানত আলী। কেনিজ গ্রুপের আয়োজনে শুরু হচ্ছে তার নতুন কনসার্ট আয়োজন। আগামী ২৮ নভেম্বর করাচির বিচ লাক্সারি হোটেলে অনুষ্ঠিত হবে প্রথম কনসার্ট। এরপর আগামী বছরের ২ জানুয়ারি ইসলামাবাদ এবং ২২ জানুয়ারি লাহোরেও সংগীত পরিবেশন করবেন তিনি।
দীর্ঘ অসুস্থতা কাটিয়ে সংগীতের মঞ্চে ফেরার এই যাত্রাকে নিজের জীবনের নতুন অধ্যায় হিসেবে দেখছেন শাফকাত আমানত আলী। তার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন সংগীতপ্রেমীরা।
সূত্র: মূল প্রতিবেদন

খুলনায় নতুন আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে ফের কালি