প্রথম সমাচার ডেস্ক:
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে যুক্তরাষ্ট্র সরকারের কাছে থাকা বেশ কিছু অতি গোপনীয় নথি প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ফেরার প্রায় ১০ মাস পর বহুল প্রতীক্ষিত নথিগুলোর মধ্যে অন্যতম ‘বিগফুট’–সংক্রান্ত নথি প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসনের বন বিভাগ। সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডসহ ইউএফও নিয়েও নানা গোপন নথিপত্র প্রকাশ করেছে তার সরকার।
বছরের পর বছর ধরে সংরক্ষিত এসব নথিতে এক রহস্যময় লোমশ প্রাণীকে দেখার বিভিন্ন বিবরণ রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, প্রাণীটি বনের মধ্য দিয়ে চলার সময় গাছপালা তছনছ করে ফেলত এবং মাটিতে রেখে যেত অস্বাভাবিক বড় আকারের পায়ের ছাপ। ‘বিগফুট’ নামেও পরিচিত এই রহস্যময় প্রাণীটির অস্তিত্বে বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের প্রায় এক-চতুর্থাংশ মানুষ।
সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ অনুসারে, এই নথিগুলোর মধ্যে ওয়াশিংটন-ওরেগন সীমান্ত বরাবর অবস্থিত একটি জাতীয় বনে পাওয়া একগুচ্ছ বিশাল পায়ের ছাপের ওপর ১৯৮২ সালে চালানো তদন্তের তথ্যও রয়েছে। মার্কিন তদন্তকারীরা অবশ্য জানিয়েছিলেন, ছাপগুলো সম্ভবত কোনও প্রতারণা বা সাজানো ঘটনা ছিল।
গত ১৫ অক্টোবর ফরেস্ট সার্ভিস তাদের অনলাইন রিডিং রুমে ‘বিগফুট/সাসকোয়াচ রেকর্ডস’ শিরোনামে তিনটি ফাইল পোস্ট করে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট।
১৯৮০ সালে লেখা নথিগুলোর একটিতে লিও কিনির একটি প্রতিবেদন তুলে ধরা হয়েছে। সেখানে ১৯৪০-এর দশকে মন্টানার পেটি ক্রিক এলাকার কাছে তিনজন শিকারির সঙ্গে বড় আকারের পায়ের ছাপের একটি সারি খুঁজে পাওয়ার বর্ণনা দিয়েছেন তিনি।
এ ছাড়া নথিগুলোতে ২০০৩ সালে মন্টানার স্যান্ডার্স কাউন্টিতে বিগফুট দেখার দাবির বিবরণ এবং ক্যালিফোর্নিয়ার স্ট্যানিসলাস ন্যাশনাল ফরেস্টে ফরেস্ট সার্ভিসের কর্মীদের আয়োজিত ‘বিগফুট ইন ইয়োর ব্যাকইয়ার্ড’ শীর্ষক একটি ফোরামের তথ্যও রয়েছে।
কিনি লিখেছিলেন, ‘এই পর্যায়ে আমরা একটি আলোচনায় বসি এবং সিদ্ধান্ত নিই যে ওই বস্তুটি যা-ই হোক না কেন, সেটির পিছু নেয়ার বিষয়ে আমরা বিশেষভাবে আগ্রহী নই। তখন আমরা স্বীকার না করলেও পরবর্তী কথোপকথনে আমরা জানতে পারি, আমাদের সবার মনেই ভীষণ অস্বস্তি কাজ করছিল এবং পিঠের ওপর দিয়ে একধরনের শিরশিরানি অনুভব করছিলাম।’
সূত্র: মূল প্রতিবেদন

আমার আহ্বানেই সোনার দাম কমেছে: নরেন্দ্র মোদি