প্রথম সমাচার ডেস্ক:
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশের পরিস্থিতির প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সোমবার (২৩ নভেম্বর) কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি।
একই সঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের সময়সীমা বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন শুভেন্দু।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় পিডব্লিউডি তাঁবুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, বিরোধী দলনেতা থাকাকালে তিনি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। তবে এখন তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান। বাংলাদেশ একটি প্রতিবেশী রাষ্ট্র হওয়ায় এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, ‘আমাকে যা করতে হবে বা বলতে হবে, তা পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে করতে হবে। আমি এই নিয়ম মেনে চলি। পররাষ্ট্রনীতি অনুযায়ী আমার কাজের ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমিও ইচ্ছেমতো বা নিয়ন্ত্রণহীনভাবে কাজ করতে কিংবা কথা বলতে পারি না।’
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘ওখানে যা ঘটছে, তা অত্যন্ত বেদনাদায়ক। আমি উদ্বিগ্ন। সোমবারই জয়শঙ্করকে জানাব। পশ্চিমবঙ্গের বহু মানুষের আত্মীয় বাংলাদেশে রয়েছেন। তারা খুবই উদ্বিগ্ন।’
তার দাবি, শুধু পশ্চিমবঙ্গ নয়, আসাম, ত্রিপুরা ও মেঘালয়ের মতো সীমান্তবর্তী রাজ্যগুলোর বহু মানুষের আত্মীয়স্বজন বাংলাদেশে রয়েছেন। বাংলাদেশের ঘটনার ছবি ও ভিডিও তাঁর কাছেও এসেছে। অন্তত দুই কোটি মানুষের আত্মীয় বাংলাদেশে থাকায় পশ্চিমবঙ্গেও এর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি।
বাংলাদেশ থেকে ভারতে আসার সম্ভাবনা এবং সিএএ নিয়ে প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, সিএএর ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০১৪। অন্যদিকে বাংলাদেশ থেকে আসা ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা না নেওয়ার বিষয়টি ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত কার্যকর রয়েছে।
প্রয়োজন হলে এই সময়সীমা আরও বাড়ানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করবেন বলে জানান তিনি।
বাংলাদেশিদের মেডিক্যাল ভিসা দেওয়া প্রসঙ্গে শুভেন্দু বলেন, ভারত সরকারের নিয়ম অনুযায়ী মানবিক বিবেচনায় যারা মেডিক্যাল ভিসা নিয়ে ভারতে আসছেন, তারা চিকিৎসা পাবেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর আলাদা কোনো বক্তব্য নেই।
অবৈধ অনুপ্রবেশের বিষয়ে তিনি বলেন, ভারতে অবৈধভাবে প্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য পুলিশ ও বিএসএফকে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ ধরা পড়লে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। তবে পর্যটক ও মেডিক্যাল ভিসা নিয়ে আসা ব্যক্তিদের ভিসার মেয়াদ অনুযায়ী ভারতে থাকতে হবে।
ইতোমধ্যে ১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে বলেও দাবি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
দেশভাগ নিয়ে শমীক ভট্টাচার্যের মন্তব্য
এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রোববার বক্তব্য দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, ভাষার ভিত্তিতে নয়, ধর্মের ভিত্তিতেই অখণ্ড ভারত ভাগ হয়েছিল।
দেশভাগের জন্য ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দায়ী করে শমীক বলেন, ‘পুরোপুরি ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধীদের নিয়ে ব্রিটিশরা দেশভাগ করেছিলেন।’
কংগ্রেস মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছিল বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষায়, ‘নেতাজি থাকলে দ্বিজাতিতত্ত্ব মানতেন না।’
বাংলাদেশের ভাষা আন্দোলন নিয়েও মন্তব্য করেন শমীক। কলকাতার বুদ্ধিজীবীদের একাংশের সমালোচনা করে তিনি বলেন, ‘ভাষা কিছু নয়, আসল হলো ধর্ম।’
সীমান্ত পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি বলেন, ‘দুটো বর্ডার বন্ধ করে দিলে সব ঠান্ডা হয়ে যাবে।’
তবে সীমান্ত বন্ধের বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব বা সিদ্ধান্তের কথা জানাননি তিনি। একই সঙ্গে শমীক বলেন, কেন্দ্রীয় সরকার পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে এবং দায়িত্বশীল সরকার হিসেবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
সূত্র: মূল প্রতিবেদন
