প্রথম সমাচার ডেস্ক:
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, তৈরি পোশাক খাতে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে। আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চাই।
রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আজ রোববার (২২ নভেম্বর) আয়োজিত ‘দ্বিতীয় আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা সম্মেলন ২০২৬’-এ এসব কথা বলেন শ্রমমন্ত্রী।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সহযোগিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন ও কানাডা।
শ্রমমন্ত্রী বলেন, গবেষক, নীতিনির্ধারক, মালিক ও শ্রমিকদের একসঙ্গে কাজ করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে এ সম্মেলন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, পেশাগত রোগ, রাসায়নিক পদার্থের প্রভাব এবং নারী ও তরুণ শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গবেষণা অত্যন্ত জরুরি।এসব গবেষণার ফলাফল দেশের শ্রমনীতি প্রণয়ন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) পরিদর্শন কার্যক্রম এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (নশট্রি) প্রশিক্ষণ কর্মসূচিকে আরও কার্যকর করতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচটি বিষয়ে গুরুত্বারোপ করেন শ্রমমন্ত্রী। এগুলো হলো—গবেষণা ও তথ্যভিত্তিক শ্রমনীতি প্রণয়ন এবং পরিদর্শন কার্যক্রম জোরদার, ডাইফ ও নশট্রির প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি, নারী, তরুণ ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দুর্ঘটনা ও রোগ প্রতিরোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সরকার, মালিক, শ্রমিক, গবেষক ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করা।
তিনি গবেষক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাস্তবমুখী গবেষণা পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য উন্নয়ন সহযোগী, গবেষক, মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমান সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে। তবে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে একটি পক্ষ দেশের পাশাপাশি তৈরি পোশাক খাতকেও ক্ষতিগ্রস্ত করতে চায়। দেশের অন্যতম প্রধান তৈরি পোশাক খাতকে রক্ষা করা সবার দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: মূল প্রতিবেদন
