রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

বিচার ও ক্ষমা চাওয়ার পরই রাজনীতি করতে পারবে আওয়ামী লীগ: চরমোনাই পীর

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা অপরাধের বিচার সম্পন্ন, অপরাধীদের শাস্তি নিশ্চিত এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার পরই দলটির রাজনীতি করার অধিকার থাকা উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেছেন, ‘৫ আগস্টের ঘটনায় যারা অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এরপরই দলটি বৈধ ও স্বচ্ছভাবে রাজনীতি করার অধিকার ফিরে পেতে পারে।’

আজ রোববার (২২ নভেম্বর) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন চরমোনাই পীর।

সাক্ষাৎকারে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন,‘আওয়ামী লীগ, বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীরাই বাংলাদেশের সন্তান। দেশের প্রতি ভালোবাসা ও আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত। সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে সুন্দর করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।’

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘২০২৪- এর ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দলটির বিরুদ্ধে যেসব অপরাধের অভিযোগ উঠেছে, সেগুলোর বিচারপ্রক্রিয়া চলছে। আইনগতভাবে স্বচ্ছতা প্রমাণ না হওয়া পর্যন্ত দলটির রাজনীতি করার অধিকার থাকতে পারে না। অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আইনও করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে। দলটির সঙ্গে যুক্ত বড় একটি জনগোষ্ঠীও দেশের উন্নয়নে ভূমিকা রাখুক। তবে জুলাইয়ের ৫ আগস্টের ঘটনায় যারা অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এরপরই দলটি বৈধ ও স্বচ্ছভাবে রাজনীতি করার অধিকার ফিরে পেতে পারে।’

চরমোনাই পীর বলেন, ‘এই নীতি শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে নয়, বিএনপিসহ অন্য সব রাজনৈতিক দলের ক্ষেত্রেও প্রযোজ্য। কোনো দলের নেতাকর্মী অপরাধে জড়িত থাকলে তাদেরও রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়।’

দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও রেজাউল করীম বলেন, ‘স্বাধীনতার পর থেকে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে আসছে। তবে ভোট দেওয়ার ক্ষেত্রে সবাইকে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। ইচ্ছামতো যেকোনো জায়গায় ভোট দেওয়া ঠিক নয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান। ইসলাম এমন একটি নীতি ও আদর্শ, যার ভিত্তিতে দেশ পরিচালিত হলে বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশে পরিণত হতে পারে। ইসলামী আদর্শে দেশ পরিচালিত হলে ভিন্ন ধর্মাবলম্বীরাও নিরাপদে বসবাস করতে পারবেন।’ মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, তারাও তেমন নিরাপদ থাকবেন বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com