রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

চবির শাটল ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের শাটল ট্রেনে কেরোসিনজাতীয় পদার্থ ব্যবহার করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রেনটির একটি বগিতে আগুনের সূত্রপাত হলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন রেলওয়ের কর্মীরা। পরে শিক্ষার্থীদের অন্য লাইনে রাখা একটি শাটলে করে ক্যাম্পাসে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটির সামনের দিক থেকে তৃতীয় বগিতে কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বগিটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত তারা আগুন নিভিয়ে ফেলেন। এ ছাড়া বগিটির কয়েকটি আসনে কেরোসিন জাতীয় পদার্থ ছড়ানো ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। পরবর্তী সময়ে ওই ট্রেনের পরিবর্তে অন্য লাইনে রাখা শাটলে করে ক্যাম্পাসে ফেরেন শিক্ষার্থীরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাওসিফ হোসেন বলেন, সামনের দিক থেকে তিন নম্বর বগিতে হালকাভাবে আগুন জ্বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, কেরোসিন দিয়ে আগুন ধরানো হয়েছিল। পরে সেখানে কেরোসিনের বোতল এবং কয়েকটি সিটে কেরোসিন ছড়ানো অবস্থায় দেখা যায়। ঘটনার পর কয়েকজন পুলিশ সদস্যও আসেন। পরে ওই শাটলে না গিয়ে এক নম্বর লাইনে থাকা অন্য শাটলে করে আমরা ক্যাম্পাসে এসেছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন এশিয়া পোস্টকে বলেন, ট্রেনটি দাঁড়ানো অবস্থায় আগুন দেওয়া হয়েছিল। পরে রেলওয়ে কর্তৃপক্ষ আগুন নিভিয়ে ফেলে। এতে কারও কোনো ক্ষতি হয়নি। আমরা নিরাপত্তা জোরদারের কথা বলেছি।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার এশিয়া পোস্টকে বলেন, কেউ কেরোসিন জাতীয় পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন বলে ধারণা করা হচ্ছে। আমাদের কর্মীরা তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলেন। রেলওয়ে পুলিশ তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com